নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের কালিয়া উপজেলায় আনিস শেখ (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ মে) রাত ৮টার দিকে ওই উপজেলার কলাবাড়িয়া গ্রামের চরকান্দিপাড়া টুকু মিয়ার ইটভাটার কাছে এই ঘটনা ঘটে।
নিহত আনিস চরকান্দিপাড়া গ্রামের মোশারেফ হোসেন মেম্বরের ছেলে। নিহতের ভাই কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য।
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় ইটভাটা এলাকায় যায় আনিস শেখ। এরপর দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আনিস মারা যায়।
নিহতের ভাই ইউপি সদস্য সোহেল শেখ হত্যাকাণ্ডের ঘটনাটি নির্বাচন কেন্দ্রিক দাবি করলেও নিহত আনিস এলাকায় সন্ত্রাস ও মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।











































