Home জাতীয় পর্যটন ও সামাজিক অনুষ্ঠানে ভাড়া দেওয়া হবে প্যাডেল-স্টিমার

পর্যটন ও সামাজিক অনুষ্ঠানে ভাড়া দেওয়া হবে প্যাডেল-স্টিমার

37


ঢাকা অফিস।।

রাজধানীর সদরঘাটের বাদামতলী ঘাটে অলস পড়ে আছে ব্রিটিশ আমলের তৈরি স্টিমার পিএস মাহসুদ, পিএস লেপচা, পিএস অস্ট্রিচ ও পিএস টার্ন। দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকায় স্টিমারগুলোর যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে।

পুরোনো এসব স্টিমার দেশীয় ঐতিহ্য হিসেবেও বিবেচনা করা হয়। তাই প্যাডেলচালিত স্টিমারগুলো পর্যটন বা সামাজিক অনুষ্ঠানে ভাড়াভিত্তিক ব্যবহার করা যায় কিনা সে বিষয়ে চিন্তা-ভাবনা করছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিব আর্সেনিও অ্যান্টোনিও ডোমিনগেজ ভেলাসকোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি জানিয়েছেন, সরকারি এ স্টিমারগুলো শত বছরের পুরোনো। মানুষ এখন স্পিডি হয়েছে, এত পুরোনো জলযানে উঠতে চায় না।

প্রতিমন্ত্রী আরো বলেন, ঈদুল আজহার সময় বিআইডব্লিউটিসির জাহাজগুলো যাত্রী পরিবহনে নিয়োজিত হবে। আমরা আরো দুটি নতুন জাহাজ (এমভি বঙ্গমাতা ও এমভি বঙ্গতরী) পেতে যাচ্ছি। জাহাজ দুটিকে ভোলা রুটে চালানোর চিন্তা-ভাবনা করছে সরকার।