যশোর অফিস।।
উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যশোরের দুইটি উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে বাঘারপাড়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নেতা এফ এম আশরাফুল কবির (ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী) ও অপরটি অভয়নগর উপজেলায় আওয়ামী লীগ নেতা সরদার অলিয়ার রহমান বিজয়ী হয়েছেন।
যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম আশরাফুল কবির (ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী) পেয়েছেন ৫২ হাজার ১৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রণজিৎ রায়ের জ্যেষ্ঠ পুত্র রাজীব কুমার রায় ঘোড়া প্রতীক নিয়ে পান ২০ হাজার ৮১৪ ভোট।
এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদ মাইক প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন এনায়েত হোসেন লিটন। তার প্রাপ্ত ভোট ৩৪ হাজার ৮০৭। মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রজাপতি প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন দিলারা জামান। তার প্রাপ্ত ভোট ২৬ হাজার ৩৭৯।
সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদা আফরোজ নির্বাচনী এ ফলাফল ঘোষণা করেন।
এদিকে অভয়নগর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সরদার অলিয়ার রহমান। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার প্রাপ্ত ভোট ৫৪ হাজার ৭১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের শ্রমিক লীগ নেতা রবিন অধিকারী পেয়েছেন ৪৮ হাজার ২১২ ভোট।
এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আখতারুজ্জামান তারু। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদ হাঁস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন ডা. সাফিয়া খানম। তার প্রাপ্ত ভোট ৪২ হাজার ৯৮১।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার এস এম হাবিবুর রহমান মাইকে এ ফলাফল ঘোষণা দেন।











































