Home আঞ্চলিক পাওনা টাকা চাওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

পাওনা টাকা চাওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

48


কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে পাওনা টাকা চাওয়ায় ইউনুস আলী নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে মোক্তার হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় নিহত ব্যক্তির ২ ছেলেসহ ৫ জন আহত হয়েছেন।

শনিবার সকালে শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী (৬০) কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

আহতরা হলেন ইউনুস আলীর ছেলে রাসেল হোসেন ও হোচেন আলী, রকিবুল ইসলাম, চাঁদ আলী ও অরুণ আলী। তারা কুমারখালী ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২ বছর আগে মোক্তার হোসেনের মেয়ে জ্যোতির সঙ্গে ইউনুস আলীর ছেলে হোচেন আলীর বিয়ে হয়। বনিবনা না হওয়ায় ২ লাখ ৪০ হাজার টাকার চুক্তিতে পারিবারিকভাবে বিচ্ছেদ হয় তাদের। কিন্তু চুক্তি অনুযায়ী ইউনুস ওই টাকা পরিশোধ করেননি।

এদিকে খোর্দ্দবন মাঠে ইউনুসের সেচ প্রজেক্ট রয়েছে। সেখানে মোক্তারেরও ধানের জমি আছে। ইউনুস ওই ক্ষেতে সেচ বাবদ ধানের ভাগ চাইলে মোক্তার পাওনা টাকা চান। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরই মধ্যে শুক্রবার ইউনুস লোকজন নিয়ে ভাগের ধান কাটতে গেলে মোক্তারের লোকজন বাধা দেন। এ নিয়ে বিকেলে মোক্তারসহ তিনজনের নামে থানায় অভিযোগ করেন ইউনুস। পরে শনিবার সকালে ইউনুস আলী লোকজন নিয়ে ধান কাটতে যান। এ সময় হাঁসুয়া, রামদা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ইউনুস আলীকে হত্যা করে মোক্তার ও তার লোকজন পালিয়ে যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে।