Home আঞ্চলিক নদী থেকে তোলা বালু দিয়ে বাঁধের কাজ

নদী থেকে তোলা বালু দিয়ে বাঁধের কাজ

27


কয়রা (খুলনা) প্রতিনিধি
বাঁধ নির্মাণের অজুহাতে খুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া নদীতে খননযন্ত্র বসিয়ে অবাধে তোলা হচ্ছে বালু। গত ১৫ দিনে সুন্দরবনের খাসিটানা ও বজবজা বন টহল ফাঁড়ির প্রায় ৩০০ মিটার এলাকা নদীতে বিলীন হয়েছে। অব্যাহত বালু তোলায় সুন্দরবনে ভাঙন যেমন বাড়ছে, তেমনি ঝুঁকিতে পড়ছে নির্মাণাধীন বাঁধও।

প্রশাসন ও বন বিভাগের এক কর্মকর্তার মৌখিক অনুমতি নিয়ে বালু তোলা হচ্ছে– জানান খননযন্ত্রের মালিক হারুন গাজী। তাঁর ভাষ্য, নদীর ডুবোচর কেটে বালু তোলায় বাঁধের কোনো ক্ষতি হচ্ছে না। বরং নদীর গভীরতা বাড়ছে।

এ প্রসঙ্গে বন বিভাগের খাসিটানা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, বনের পার্শ্ববর্তী নদী থেকে বালু তোলা বনের জন্য হুমকি। তাই মৌখিক বা লিখিত অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। তিনি আরও বলেন, বালু তোলা বন্ধে নিয়মিত অভিযান চলছে। ড্রেজার মালিককে ডেকে নিষেধও করা হয়েছে। বর্তমানে তাঁর এলাকায় খননযন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে না।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ পুনর্বাসন প্রকল্পের আওতায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে উপজেলার দুটি পোল্ডারে ৩২ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলছে। সাতটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়নে কাজ করছেন। এ কাজে বালু সরবরাহের জন্য স্থানীয় ড্রেজার মালিকদের সঙ্গে চুক্তি করেছেন তারা। ড্রেজার মালিকরা বাঁধের পাশের শাকবাড়িয়া নদী থেকে বালু তুলছেন।
সরেজমিন উত্তর বেদকাশি ইউনিয়নের গাতিরঘেরি এলাকায় গিয়ে দেখা যায়, পাশাপাশি দুটি ড্রেজার দিয়ে সুন্দরবনের খাসিটানা ও বজবজা বন টহল ফাঁড়ির মাঝামাঝি স্থান থেকে বালু তোলা চলছে। অব্যাহতভাবে বালু তোলার ফলে ওই স্থানে এরই মধ্যে বনের গাছগাছালি ভেঙে নদীতে পড়তে শুরু করেছে। কয়েক স্থানে ভাঙনের পরিধিও বেড়েছে।

স্থানীয় বাসিন্দা সুধির মণ্ডল জানান, আগে সকাল সকাল শুরু হতো বালু তোলা। প্রশাসনের বাধার পরে বিকেল গড়ানোর পর ড্রেজারগুলো সচল হয়। চলে গভীর রাত পর্যন্ত। এ সময় ভষ্ম কয়াল নামে আরেকজন জানান, রাতে খনন করা বালু সকালে বাঁধের পাশে নামিয়ে দেন শ্রমিকরা। দিনে ড্রেজারগুলো সুন্দরবনের বড় খালের মধ্যে আড়াল করে রাখা হয়।
পাউবোর উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী বলেন, শাকবাড়িয়া নদী থেকে অব্যাহতভাবে বালু তোলায় নদীর পাড়ে ধসের সৃষ্টি হয়েছে। ধসে যাওয়া লোকালয়ের স্থানে বালুর বস্তা ফেলে ঠেকানোর চেষ্টা হলেও বেশ বেগ পেতে হচ্ছে। পরে বালু তোলা বন্ধের জন্য স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে অবহিত করেছি।

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাছানুর রহমান বলেন, সুন্দরবনের পাশ থেকে বালু তোলা হচ্ছে– এমন খবর পেয়ে তা বন্ধ করা হয়। পরে আবার কেউ বালু তুলছে কিনা, তা জানা নেই।
কয়রার ইউএনও বিএম তারিক উজ্জামান বলেন, সুন্দরবনের পাশের নদী থেকে বালু তোলার খবর পেয়ে কয়েকবার নদীতে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় বালু তুলতে নিষেধ করা হয়েছে। নিষেধ অমান্য করে কেউ বালু তোলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।