Home খেলাধুলা বার্সায় ‘মেসির ১০ নম্বর’ জার্সি পরতে চান ইয়ামাল

বার্সায় ‘মেসির ১০ নম্বর’ জার্সি পরতে চান ইয়ামাল

80

স্পোর্টস ডেস্ক।।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ১০ নম্বর জার্সি গায়ে এমন কোনো ট্রফি নেই যেটি লিওনেল মেসি জেতেননি। যেকোনো ক্লাবে ১০ নম্বর জার্সি আরাধ্য হওয়ার পেছনেও তার ভূমিকা আছে। সেখানে মেসির রেখে যাওয়া বার্সার ১০ নম্বর জার্সি তো আরও আকাঙ্খিত কিছু। সেটিই এখন পেতে চাইছেন দলের তরুণ তারকা লামিনে ইয়ামাল।

মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজি যাওয়ার পর বার্সার ১০ নম্বর জার্সি গায়ে চাপিয়েছিলেন আনসু ফাতি। তবে তিনি এখন ধারে খেলছেন প্রিমিয়ার লিগের দল ব্রাইটনে। তাই ফাঁকাই পড়ে আছে বিশেষ এই নম্বরের জার্সি।

মেসির মতোই বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়াতে বেড়ে উঠেছেন ইয়ামাল। সিনিয়র দলে যোগ দিয়েই একের পর এক রেকর্ড ভাঙছেন ১৬ বছর বয়সের এই বিস্ময়বালক। বর্তমানে ক্লাবের ২৭ নম্বর জার্সি পরেন ইয়ামাল।

স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে ইয়ামাল বলেন, ‘আপনি যেটা বললেন, আনসু (ফাতি) এখানে ১০ নম্বর জার্সি পরে। কিন্তু শেষমেশ যদি সে এখানে (বার্সা) না আসে, দারুণ গর্বের ব্যাপার হবে এটি (নিজে পরতে পারবেন)। বার্সেলোনার ১০ নম্বর জার্সি পরা যেকোনো কিশোরের জন্য স্বপ্নের মতো। বিশ্বের কেউই এটায় (জার্সি পাওয়ায়) না করবে না কিন্তু ক্লাবটি ব্যাপারটি দেখতে হবে।’

শুধু মেসির ১০ নম্বর চান এমনই না, তার মতো খাদ্যাভ্যাসও অনুসরণ করেন ইয়ামাল। মেসির মতোই খাবার তালিকায় মাছ বেশি রাখেন তিনি। বলেন, ‘২০২৪ সালে আমার ওজন ৪ কেজি বেড়েছে এবং দুই সেন্টিমিটার উচ্চতায় বেড়েছি। আমি এখন ৫ ফুট ১১ ইঞ্চি। এর আগে, আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে যা ইচ্ছা করতো তাই খেতাম। এখন আমি ক্লাবের নির্দেশনা অনুসরণ করি। প্রচুর পানি খাই। আমি মাংসের চেয়ে বেশি করে মাছ খাওয়ার চেষ্টা করি।’

বার্সেলোনার হয়ে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখনো পর্যন্ত ৪০টি ম্যাচ খেলেছেন ইয়ামাল। এই সময়ে ৬টি গোল পেয়েছেন এই বিস্ময়বালক। এছাড়া স্পেন জাতীয় দলের হয়েও ৬টি ম্যাচ খেলে ফেলেছেন ১৬ বছরের ইয়ামাল। অপেক্ষায় আছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দলে ডাক পাওয়ার।