স্পোর্টস ডেস্ক।।
ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা অনেকটাই ঘনীভূত হয়েছে। গণমাধ্যমে জোর গুঞ্জন চলছে, আগামী মৌসুমেই রিয়ালে যোগ দিচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই খেলোয়াড়। এরই মধ্যে পিএসজির হয়ে দারুণ একটি রেকর্ড করে ফেললেন এই তারকা।
গতকাল বৃহস্পতিবার লিগ ওয়ানে অলিম্পিক মার্শেইকে ২-০ গোলে হারায় এমবাপ্পের পিএসজি। এই নিয়ে সর্বশেষ ১৬ ম্যাচেই ক্লাবটির বিপক্ষে অপরাজিত রইল এমবাপ্পের ক্লাব। কোনো নির্দিষ্ট ক্লাবের বিপক্ষে এত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আর একজনেরই আছে, তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। এই রেকর্ডে কিছুটা পিছিয়ে লিওনেল মেসি। তথ্য মার্কার।
এমবাপ্পে খেলা অবস্থায় অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে সর্বশেষ ১৬ ম্যাচের ১৪টিতে জয় পেয়েছে পিএসজি, ড্র করেছে ২টিতে। রোনালদো এই রেকর্ড করেছেন রিয়াল মাদ্রিদে থাকা অবস্থায়। লা লিগায় রোনালদো খেলা অবস্থায় এসপানিওলের বিপক্ষে টানা ১৬ ম্যাচ অপরাজিত ছিল রিয়াল মাদ্রিদ। জয় আর ড্রয়ের হার পিএসজির মতোই।
অন্যদিকে, মেসি কোনো একটি ক্লাবের বিপক্ষে সর্বোচ্চ ১৩ ম্যাচে অপরাজিত ছিলেন। বার্সেলোনায় থাকাকালীন রেসিং সান্তানদেরের বিপক্ষে ১৩ ম্যাচে অপরাজিত ছিল মেসির বার্সা। যেখানে ১১টি জয়ের বিপরীতে ড্র করেছে ২টিতে।
তবে রোনালদো, এমবাপ্পে ও মেসির মধ্যে একটি ব্যাপারে বেশ মিল আছে। তিনজনই চারটি দলের বিপক্ষে কমপক্ষে ১০টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছেন।
যে দলগুলো কখনো রোনালদোকে হারাতে পারেনি
*এস্পানিওল (১৪ জয় ও দুটি ড্র)
*নিউক্যাসল (১১ জয় ও ৩ ড্র)
*বোল্টন (৯ জয় ও ১ ড্র)
*দেপোর্তিভো লা করোনা (৯ জয় ও ১ ড্র)
যে দলগুলো কখনো এমবাপ্পেকে হারাতে পারেনি
*অলিম্পিক ডি মার্সেই (১৪ জয় ও ২ ড্র)
*মন্টপেলিয়ার (১৪ ও ১ ড্র)
*সেন্ট-এটিন (৯ জয় ও ৩ ড্র)
*ব্রেস্ট (৯ জয় ও ১ ড্র)











































