স্পোর্টস ডেস্ক
ব্রাজিলের ফুটবলাররা হঠাৎ যেন বিপথগামী হওয়ার পণ করেছেন! দানি আলভেস ও রবিনহোর পর এবার ভুল কারণে খবরের শিরোনাম হলেন গ্যাব্রিয়েল বারবোসা।
ডোপ-পরীক্ষায় প্রতারণার দায়ে সোমবার দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ফ্লামেঙ্গোর এই ব্রাজিলীয় ফরোয়ার্ড। ব্রাজিলের একটি ক্রীড়া আদালত এই শাস্তি দিয়েছে তাকে।
বারবোসার নিষেধাজ্ঞার মেয়াদ শুরুর সময় ধরা হয়েছে গত বছরের ৮ এপ্রিল থেকে, যেদিন তিনি নিয়ম ভেঙেছিলেন। সেদিন রিও ডি জেনিরোতে ফ্লামেঙ্গোর প্রধান কার্যালয়ে হঠাৎ সব খেলোয়াড়ের ডোপ-পরীক্ষা করা হয়।
গাবিগোল নামে পরিচিত ২৭ বছর বয়সি গ্যাব্রিয়েল ডোপ-পরীক্ষার সূচি মানেননি। চ‚ড়ান্ত অসহযোগিতার পাশাপাশি ডোপিং কর্মকর্তাদের নির্দেশ না মানার অভিযোগ ওঠে তার বিরুদ্ধ।
ক্রীড়া আদালতের মনে হয়েছে, ডেপিংবিরোধী প্রতারণার ঘটনা ঘটেছে। কিছু লুকাতেই হয়তো ইচ্ছা করে ঝামেলা বাঁধিয়ে নিয়ম ভেঙেছিলেন গাবিগোল। ব্রাজিলের হয়ে ১৮ ম্যাচে পাঁচ গোল করা ফ্লামেঙ্গো তারকা অবশ্য নিজেকে নির্দোষ দাবি করে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে গাবিগোল লিখেছেন, ‘আমি কখনোই ডোপ-পরীক্ষায় বাধা দিইনি। প্রতারণাও করিনি। আমি নিশ্চিত যে, উচ্চ আদালতে নির্দোষ প্রমাণিত হব।’











































