স্পোর্টস ডেস্ক।।
অস্ট্রেলিয়ান ওপেনজয়ী আরিয়ানা সাবালেঙ্কার প্রেমিক ও বেলারুশের সাবেক আইস হকি খেলোয়াড় কনস্টানটিন কোল্টসভের মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪২ বছর।
কনস্টানটিন ২০০২ এবং ২০১০ সালে বেলারুশের হয়ে অলিম্পিক্স খেলেছিলেন। তার হঠাৎ মৃত্যুর খবর জানিয়েছে রাশিয়ার ক্লাব সালাভত ইউলেভ।
টেনিস খেলোয়াড় সাবালেঙ্কাও বেলারুশের। বেশ কিছু বছর ধরেই সম্পর্ক ছিল কনস্টানটিন এবং সাবালেঙ্কার। সালাভত ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের ক্লাবের কোচ কনস্টানটিন কোল্টসভের মৃত্যু হয়েছে। প্রাণোচ্ছল মানুষ ছিলেন তিনি। খেলোয়াড়দের কাছেও খুব প্রিয় ছিলেন তিনি। তাঁর আত্মার শান্তি কামনা করি।’
কনস্টানটিন বরফের ওপর দ্রুতগতির জন্য বিখ্যাত ছিলেন। খেলোয়াড় হিসাবে সালাভতের হয়ে রাশিয়ান সুপার লিগ জিতিয়েছিলেন দলকে। কোচ হিসাবে যোগ দিয়েছিলেন সেই ক্লাবেই।
তার সঙ্গে ২০২১ সালের জুন মাস থেকে সাবালেঙ্কার সঙ্গে সম্পর্ক ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তাদের একসঙ্গে দেখা যেত। কনস্টানটিনের এর আগেও একটি সম্পর্ক ছিল। তিন সন্তান রয়েছে তার।











































