খুলনাঞ্চল রিপোর্ট।।
সাবেক প্রধানমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের ১৬ মার্চ ৮১ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ব্যারিস্টার মওদুদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
সাবেক এমপি ও অষ্টম জাতীয় সংসদে তিনি আইন ও বিচারবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ব্যারিস্টার মওদুদ আহমদ ২৪ মে ১৯৪০ সালে ব্রিটিশ-ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। মৃত্যুর পর তাকে তার জন্মস্থান নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে দাফন করা হয়। মওদুদ আহমদের আত্মার মাগফেরাত কামনা করে আজ তার কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
মওদুদ আহমদের পিতা মাওলানা মমতাজ উদ্দিন আহমদ এবং মা বেগম আম্বিয়া খাতুন। ছয় ভাইবোনের মধ্যে মওদুদ আহমদ চতুর্থ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান পাস করে ব্রিটেনের লন্ডনস্থ লিঙ্কন্স ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন। লন্ডনে পড়াশোনা শেষ করে তিনি দেশে ফিরে আসেন এবং হাইকোর্টে ওকালতি শুরু করেন।











































