Home আঞ্চলিক মুকুলে ছেয়ে গেছে বাগান বাম্পার ফলনের আশা

মুকুলে ছেয়ে গেছে বাগান বাম্পার ফলনের আশা

46

মেহেরপুর প্রতিনিধি
আমবাগানে গাছে গাছে শোভা পাচ্ছে মুকুল। গাছের ডালপালা মুকুলে ছেয়ে গেছে। বাতাসে ছড়াচ্ছে ম-ম ঘ্রাণ। জানান দিচ্ছে মধুমাসের আগমনী বার্তা। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা মেহেরপুরের বাগান মালিকদের।
কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর জেলার ২ হাজার ৪৮০ হেক্টর জমিতে আমবাগান আছে। গত বছর প্রায় ৩২ হাজার ৩০০ টন আম উৎপাদন হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগ ও হপার পোকার সংক্রমণে উৎপাদন কম হয়েছিল। এ বছর আগে থেকেই হপার পোকা দমনে কীটনাশক প্রয়োগসহ গাছ পরিচর্যা করায় ব্যাপক মুকুল এসেছে। বাগান মালিকরা আশা করছেন, গত বছরের তুলনায় এবার আমের ফলন অনেক বেশি হবে।
মেহেরপুর জেলায় উৎপাদিত আমের মধ্যে হিমসাগর, বোম্বাই, ল্যাংড়া, আম্রপালি প্রসিদ্ধ। ফড়িয়ারা এখানকার উৎপাদিত আম ও লিচু কিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে। রোদের তাপ বাড়ছে। এবার যেভাবে মুকুল এসেছে তাতে প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলনের প্রত্যাশা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা।
ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননের পরিচর্যাকারী আব্দুল মালেক বলেন, এ বছর আমের ব্যাপক মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে আম উৎপাদন অনেক বেশি হবে।
বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সচিব সানোয়ার হোসেন বলেন, এখন গাছে হপার পোকার সংক্রমণ রোধে নিয়মিত বিষ প্রয়োগ করতে হচ্ছে। রোদের তাপ বেশি হলে আমের গুটি ছোট হয়ে যাবে। তবে এখনকার মতো আবহাওয়া বজায় থাকলে ভালো ফলন হবে।
মেহেরপুর বড়বাজারের পাইকারি আম ব্যবসায়ী সিরাজ উদ্দীন জানান, এবার ১৪ লাখ টাকা দিয়ে ৭টি বাগান কিনেছি। আশার কথা হচ্ছে, এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। আশায় বুক বেঁধে আছি। ভালো ফলন হলে গত বছরের লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে পাব।
আম সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানান কৃষি প্রযুক্তি কলেজ মেহেরপুরের প্রভাষক মানিক হোসেন। তিনি বলেন, আমের ভরা মৌসুমে দাম কম থাকে। অন্তত এক মাসের মতো আম সংরক্ষণের ব্যবস্থা করতে পারলে জেলার চাষিরা অনেক লাভবান হতে পারত।
ছহিউদ্দিন ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রেজা বলেন, কোনো কোনো ব্যবসায়ী বেশি মুনাফার আশায় অপুষ্ট আম বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আশা করছি, প্রশাসনের কড়া নজরদারি থাকলে এর সুফল পাবেন ভোক্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, বাগানগুলো মুকুলে ভরে গেছে। বাগান মালিকদের সঠিক পরিচর্যার সময় এখন। কৃষি বিভাগ বাগান পরিচর্যার পরামর্শ দিয়ে যাচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় না হলে ব্যাপক ফলন হবে। প্রতিবছরের মতো এবারও আম বাজারজাত করার সময় নির্ধারণ করে দেওয়া হবে।