বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করেন মো. লাভলু শেখ নামের এক ভ্যানচালক। এ সময় কান্নার শব্দ পেয়ে শিশুর মা দৌড়ে এলে পালিয়ে যায় ভ্যানচালক।
বিষয়টি জানাজানি হলে মো. লাভলু শেখকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। রোববার বিকালে উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রাম থেকে এই ভ্যানচালককে আটক করা হয়।
এর আগে দুপুর ১টার দিকে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন মো. লাভলু শেখ। কান্না টের পেয়ে শিশুর মা দৌড়ে আসলে পালিয়ে যায় লাভলু। পরে স্থানীয়রা লাভলুকে আটক করে ৯৯৯ নম্বরে ফোন দেন।
আটক মো. লাভলু শেখ ব্রাহ্মণকাঠি গ্রামের শেখ আইনুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলার সেলিমাবাদ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. বাবন উদ্দিন বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ভ্যানচালক মো. লাভলু শেখকে আটক করি। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানান এই কর্মকর্তা।











































