Home আঞ্চলিক ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল যুবদল নেতার

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল যুবদল নেতার

45

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধোপাখালি ইউনিয়ন যুবদলের সভাপতি সাবেক ইউপি সদস্য মাহাতাব শেখের মৃত্যু হয়েছে। রোববার গভীর রাতে বাড়ি থেকে উপজেলার ছিটাবাড়ী এলাকায় নিজ ঘেরে যাওয়ার পথে ইঁদুর নিধনের জন্য দেওয়া ফাঁদের তারে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।

সোমবার সকালে মাহাতাব শেখের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত মাহাতাব শেখ (৫২) ছিটাবাড়ী গ্রামের এমানউদ্দিন শেখের ছেলে। তিনি ধোপাখালি ইউনিয়ন যুবদলের সভাপতি এবং একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।

কচুয়া থানার ওসি মো. মোহসীন হোসেন বলেন, পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী বাড়ি থেকে বেশ দূরে বিদ্যুতায়িত হয়ে সাবেক ইউপি সদস্য মাহতাবের মৃত্যু হয়েছে। সেখানে প্রত্যক্ষদর্শী কেউ ছিল না। যার কারণে মরদেহে ময়নাতদন্তের জন্য আমরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।