ঢাকা অফিস।।
৭ই জানুয়ারি একতরফা নির্বাচনের পর দৃশ্যত নীরব রাজনীতির মাঠ। আন্দোলন কর্মসূচি থেকে নিজেদের গুটিয়ে রেখেছে প্রধান বিরোধী দল বিএনপি। কারাবন্দি নেতাকর্মীদের মুক্তিতে জোর দিচ্ছে দলটি। ইতিমধ্যে ২৮শে অক্টোবরের পর গ্রেপ্তার হওয়া দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীরা মুক্তি পেয়েছেন। জামিনে মুক্তি পাচ্ছেন সাজাপ্রাপ্ত নেতারা। সাজাপ্রাপ্ত যেসব নেতা বাইরে আছেন তারাও শিগগিরই আদালতে আত্মসমর্পণ করবেন। বিএনপি’র হাইকমান্ড থেকেও এমন নির্দেশনা দেয়া হয়েছে।
বিএনপি’র নীতি-নির্ধারণী ফোরামের এক নেতা জানান, বিএনপি’র হাজার হাজার নেতাকর্মী এখনো জেলে। অনেকে সাজা ও পরোয়ানা মাথায় নিয়ে ফেরারি জীবন-যাপন করছেন। এ ছাড়া সামনে রমজান। এসব কারণে শিগগিরই বড় কর্মসূচিতে যেতে পারছে না। তাই নেতাকর্মীদের মুক্তি ও জামিনের প্রক্রিয়ার দিকেই জোর দেয়া হচ্ছে।
সাজাপ্রাপ্ত বিএনপি নেতাদের কয়েকজন আইনজীবী জানান, জাতীয় নির্বাচনের পর সরকার অনেকটা নমনীয়। পাইকারি হারে জামিন পাচ্ছেন সিনিয়র-জুনিয়র সব নেতা। এ ছাড়া সাজাপ্রাপ্ত নেতারা পাচ্ছেন। বিএনপি নেতাদের যেসব মামলায় সাজা হয়েছে সেগুলো ২০১৩ ও ১৮ সালে নাশকতার অভিযোগে দায়ের হওয়া। এসব মামলার কোনো ভিত্তি নেই। নাশকতার মামলাগুলোর বাদী ছিল পুলিশ, সাক্ষীও ছিল পুলিশ। আত্মসমর্পণের পর কারাগারে গেলেও ২-৩ মাসের মধ্যে জামিন হওয়ার সম্ভাবনা রয়েছে।
জাতীয়তাবাদী ফোরামের আইনজীবী এডভোকেট ইলতুতমিস সওদাগর বলেন, নির্বাচনের আগে যেসব মামলায় রায় হয়েছে সেগুলো ছিল রাজনৈতিক জাজমেন্ট। এখন সব মামলায় জামিন দিচ্ছে আদালত। ইতিমধ্যে সাজাপ্রাপ্ত অনেক নেতা জামিন পেয়েছেন।
বিএনপি’র দপ্তর থেকে জানানো হয়েছে, গত বছরের ২৭শে জুলাই থেকে সারা দেশে ২৭ হাজার ৪৯৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এই সময়ে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে ১ হাজার ১৭৫টি। গত ৫ মাসে শতাধিক মামলায় ১ হাজার ৬৮৭ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
তিন মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব বলেন, সাজা নিয়ে আর কতোদিন লুকিয়ে থাকবো। ফ্রি না হলেও রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছি না। এ ছাড়া হাইকমান্ডের নির্দেশনা রয়েছে। রোজার আগেই আদালতে আত্মসমর্পণ করবো। আশা করছি আদালত আমাকে জামিন দেবেন। তিনি আরও বলেন, আমাকে যেসব মামলায় সাজা দিয়েছে সেসব মামলার কোনো ভিত্তি নেই।
পাঁচ মামলায় ১৬ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল বলেন, আত্মসমর্পণ করা ছাড়া তো আমাদের আর কোনো পথ খোলা নেই। সাজা থাকার কারণে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারছি না, তেমনি পরিবারকেও সময় দিতে পারছি না। শিগগিরই আত্মসমর্পণ করবো। ছাত্রদলের সাবেক এই সভাপতি আরও বলেন, সাজাপ্রাপ্ত বিএনপি’র অনেক নেতাকে ইতিমধ্যে জামিন দিয়েছে আদালত। ৭ বছরের সাজাপ্রাপ্ত নেতাও জামিন পেয়েছেন। আশা করছি আমাকে জামিন দেবেন আদালত।
৬ মামলায় ১৩ বছর ৭ মাসের সাজাপ্রাপ্ত যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান বলেন, চলতি মাসের শুরুতে একই মামলার সাজাপ্রাপ্ত আমার ভায়রা ভাই মেহেদী হাসান বিটু আত্মসমর্পণ করেছেন। আমিও আদালতে আত্মসমর্পণের জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে হলে আত্মসমর্পণ করে জামিন নেয়া ছাড়া কোনো পথ নেই। তিনি বলেন, যারা আত্মসমর্পণ করছেন তাদের জামিন আবেদনের ফাইল দ্রুত পাওয়া যায় না। যে ফাইল ৩-৪ দিনেই পাওয়ার সেটা পেতে এক-দেড় মাস লাগছে।
৬ মামলায় ১৭ বছর ৭ মাস সাজাপ্রাপ্ত যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেন, দল আমাদের মামলার ডকুমেন্ট নিয়েছে। দল থেকে যখন নির্দেশনা দেবে তখন আত্মসমর্পণ করবো।
সাজাপ্রাপ্তদের মধ্যে জামিন পেয়েছেন: বিএনপি’র ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল ইসলাম রবি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, জাপার একাংশের মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর প্রমুখ।
সাজা হয়েছে যেসব নেতার: বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন- বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ, হাবিবুর রশিদ, আকরামুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন প্রমুখ।











































