স্টাফ রিপোর্টার।।
অগ্নিঝরা মার্চের শুরু আজ। পরাধীনতার শৃঙ্খল, শোষণ-বঞ্চনা আর অত্যাচারের অর্গল ছিন্ন করতে একাত্তরের মার্চে এ জনপদে মুক্তিকামী মানুষের মনে জ্বলে উঠেছিল স্বাধীনতার অনির্বাণ শিখা। স্বাধীনতাকামী মানুষের আন্দোলন-সংগ্রামে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। আর সেই পথ ধরেই দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। পূর্ব বাংলা অর্জন করে লাল-সবুজের একটি মানচিত্র, সোনার বাংলাদেশ।
এ বাংলায় মার্চের শুরুর দিকেই মুক্তিযুদ্ধের প্রস্তুতি চলে। বাঙালির মনে ক্ষোভ-বিক্ষোভ দানা বেঁধে ওঠে। গর্জে উঠতে শুরু করে পূর্ব বাংলা। ১৯৭০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। বাঙালিরা যখন রাষ্ট্রীয় ক্ষমতার জন্য প্রহর গুনছিল তখন সামরিক জান্তা ইয়াহিয়া খান আকস্মিকভাবে আজকের এই দিনে জাতীয় পরিষদের পূর্বনির্ধারিত ৩ মার্চের অধিবেশন বাতিল করেন। রেডিওতে এ খবর ছড়িয়ে পড়লে সাথে সাথে বাংলার মানুষ ফুঁসে ওঠে দাবানলের মতো। শেখ মুজিব ডাক দেন অসহযোগ আন্দোলনের। তার পাশে এসে দাঁড়ান মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
মার্চের প্রথম সপ্তাহ থেকেই ঢাকাসহ সারা দেশের স্কুল-কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়, অফিস, কলকারখানা কার্যত বন্ধ হয়ে যায়। অচল হয়ে পড়ে গোটা দেশ। স্বাধীনতা আদায়ের দৃঢ় সঙ্কল্পে ঐক্যবদ্ধ আন্দোলন দিন দিন তীব্র হয়ে ওঠে। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন ঐতিহাসিক রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের জনসভায় বঙ্গবন্ধু ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ আর এভাবে আন্দোলন ছড়িয়ে পড়তে থাকে গোটা দেশজুড়ে।
এই আন্দোলন দমানোর জন্য ২৫ মার্চ কালরাতে পাক হানাদার বাহিনী শেখ মুজিবুর রহমানকে আটক করে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানে। সংগ্রামী চেতনায় আলোড়িত বাঙালি তবুও নিশ্চুপ থাকেনি; বেছে নেয় মুক্তির পথ, স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ ৯ মাস অবিরাম রক্তক্ষয়ী যুদ্ধ করে পরাজিত করে পাক হানাদার বাহিনীকে। বীর বাঙালি এক সাগর রক্তের বিনিময়ে ছিনিয়ে আনে লাল-সবুজের পতাকা আর একটি অক্ষয় মানচিত্র।











































