
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তেরখাদা থানা শাখার থানা সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার তেরখাদা থানা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল আলীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ তাওরাত এর সঞ্চালনায় রবিবার (২৫ শে ফেব্রুয়ারী) বিকাল ৪টায় আইএবি মিলনায়তন এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তেরখাদা থানা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ ।
প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ফরহাদ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্বাস আলী সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ তেরখাদা থানা শাখা।
মাওলানা ইমাম হুসাইন , সদর মুজাহিদ কমিটি তেরখাদা থানা, মাওলানা আল আমিন, জাতীয় শিক্ষক ফোরাম তেরখাদা থানা শাখা। মুফতি সাজ্জাদ হুসাইন সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তেরখাদা থানা শাখা। মুহাম্মাদ হাসিবুর রহমান পান্নু সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, তেরখাদা থানা শাখা মুহাম্মাদ হুসাইন , সাংগঠনিক সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,তেরখাদা থানা শাখা, আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন সম্মেলন শেষে প্রধান বক্তা বিগত ২০২৩ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৪ সালের নতুন কমিটি ঘোষণা করেন।
খুলনা বিএনপির নির্বাহী কমিটির সভায় বক্তারা: ডামি ভোটে নির্বাচিত সরকার দেশকে ‘জোর যার মুল্লুক তার’ বানিয়েছে
। খবর বিজ্ঞপ্তি।।
হারানো গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন চলছে উল্লেখ করে খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, সরকার বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার ও নির্যাতন করে একতরফা ডামি নির্বাচন করেছে ৭ জানুয়ারি। অবৈধ ডামি সরকার সবচেয়ে ভয় পায় বিএনপিকে, ভয় পায় দলের চেযারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। আমরা ভোট বর্জনের আহ্বান করেছিলাম। জনগণ সে আহবানে সাড়া দিয়েছে। জনগণের সাড়া পেয়ে আমরা সফল হয়েছি। দেশের জনগণকে সাথে নিয়েই চলমান অবৈধ সরকারকে বিদায় করে সত্যিকারের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন।
মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তারা আরো বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো দেশকে ‘জোর যার মুল্লুক তার’ বানিয়েছে। মনে হয়, সহিংস আক্রমণ ও জীবননাশের ব্রত নিয়ে তারা বিএনপিসহ সমমনা দলগুলোর ওপর ঝাঁপিয়ে পড়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের বেপরোয়া দাপটে দেশের জনপদের পর জনপদ সাধারণ মানুষ ভয় ও গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। এ দেশের নাগরিকের নিরাপত্তা এখন চরম অবনতিশীল। আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পেতে সাধারণ মানুষ কোথাও আশ্রয় খুঁজে পাচ্ছে না। আইন, প্রশাসন মানুষকে রক্ষা করতে পারছে না। জনগণ নিজ দেশে পরবাসী হয়ে দিনযাপন করছে।
বক্তারা আরো বলেন, স ম আ. রহমান, সৈয়দা রেহেনা ঈসা, এড. নুরুল হাসান রুবা, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, শেখ জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, মুরশিদ কামাল, কেএম হুমায়ন কবির, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, জহর মীর, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, এ্যাড. মোহাম্মাদ আলী বাবু, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আফসার উদ্দিন মাস্টার, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, আলমগীর হোসেন, আব্দুর রহমান ডিনো, জাহিদুল হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, ফারুক হোসেন, আজিজা খানম এলিজা প্রমূখ।
সভার শুরুতে বিগত দিনের আন্দোলন সংগ্রামে এবং কারাগারে বন্দি থাকাবস্থায় নিহত ও মৃত্যুবরণকারী নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভা থেকে দলকে শক্তিশালী করার লক্ষ্যে পুর্ণাঙ্গ ইউনিট ও ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। সভা থেকে ৫ থানা বিএনপির আহবায়ক-সদস্য সচিব, ওয়ার্ড কমিটির আহবায়কদের, ৩৪টি ইউনিট কমিটির সাথে সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।
রামপালে জামিল হাসানের মতবিনিময়
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
আগামী উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে রামপালে চেয়ারম্যান পদে লড়ার জন্য মতবিনিময় সভা শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় রামপাল উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও রামপাল সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু মতবিনিময় সভা করেছেন। সোমবার বিকাল ৪ টায় উপজেলার রাজনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হারুন মার্কেট চত্বরে ওয়ার্ড সদস্য ও রাজনগর ইউপির প্যানেল চেয়ারম্যান জালিনূর হাজরার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন আলহাজ্ব জামিল হাসান জামু, ছাত্র লীগ নেতা শেখ সবুজ প্রিন্স প্রমুখ। এ সময় জামিল হাসান এলাকার গান্যমান্য ও সকল মুরব্বিদের সাথে আলোচনা করে দোয়া ও সহযোগিতা কামনা করেন।#
কালিয়ায় ২৪ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক
তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলায় ২৪ কেজি গাঁজাসহ লেকবার সরদার (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা। সোমবার (২৬ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে সাতটার দিকে তার নিজ বাড়ির খাটের নিচেয় বস্তায় বাঁধা অবস্থায় গাঁজাসহ তাঁকে আটক করা হয়। আটককৃত লেকবার সরদার উপজেলার পাখিমারা পশ্চিমপাড়া গ্রামের মৃত লুৎফর রহমান সরদারের ছেলে। আটক আসামিকে গতকাল সোমবার দুপুরে নড়াইলের আদালতে তোলা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার একটি দল লেকবারের বসত ঘর তল্লাশি করে খাটের নিচে হতে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে স্কচটেপ দিয়ে পলিথিনে মোড়ানো ১২ টি প্যাকেটে (প্রতি প্যাকেটে ২ কেজি করে) মোট ২৪ কেজি গাজা উদ্ধার করে। এ সময় মাদকদ্রব্য রাখার দায়ে তাঁকে আটক করা হয়। সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মাদক এনে নড়াইল, খুলনা ও বাগেরহাট এলাকায় বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে অভিযান পরিচালনা করে থাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মাগুরার শালিখাতে অগ্নিকাণ্ডে একটি বাড়ি পুড়ে ছাই, অন্তত ১২ লক্ষ টাকার ক্ষতি: আহত দুই
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি গ্রামের একটি বাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে অন্তত ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।আহত ২ জন।২৫ ফেব্রুয়ারী দিবাগত রাত দেড়টটার দিকে ধনেশ্বরগাতী গ্রামের কপালিপাড়া আসবে বীরেন্দ্রনাথ সরকারের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।শালিখা উপজেলা ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম ঘটনাস্থলে পৌঁছে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করে। বীরেন্দ্রনাথ সরকার জানাই রাতে আমার পুত্র বিপুল সরকারের একটি ঘরপুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে ঘরে থাকা এক লক্ষ টাকার ওষুধ,নগদ দেড় লক্ষ টাকা, ১০০ মণ পাট যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা, তিন ভরি স্বর্ণ মূল্য তিন লক্ষ টাকা, ৪ থেকে ৫০০ লোকের খাবারের আয়োজনের অন্তত দেড় লক্ষ টাকার মালামাল,ডেকোরেটরের মালামাল এক লক্ষ টাকা, বাড়ির অন্যান্য মালামাল অন্তত এক লক্ষ টাকা,মোট ১২ লক্ষ টাকার উপরে অগ্নিকাণ্ডে তারপর ক্ষতি হয়েছে।আগুনে পুড়ে আহত হয়েছে দুইজন। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কোনো কারণ জানা যায়নি।
দর্শনায় চলন্ত মালবাহী ট্রেনের ইঞ্জিনে ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার দর্শনায় চলন্ত মালবাহী ভারতীয় ট্রেনের ইঞ্জিনে বাইসাইকেলের ধাক্কা লেগে কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধ্যা ৬ টায় চুয়াডাঙ্গার দর্শনার শ্যামপুরের আসাদুল মণ্ডল (৬৫) জয়নগর মাঠ থেকে কাজ শেষ করে বাইসাইকেলে রেল লাইনের পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন।এসময় দর্শনা বন্দরে আসা একটি মালবাহী ট্রেনের সাথে বাইসাইকেলের ধাক্কা লাগলে সাইকেলসহ কিছুদূর টেনে হেচড়ে যাওয়ার পর খাদে পরে যায়।পরে গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুরের একটি হাসপাতালে নেয়া হলে রাতে সেখানেই তার মৃত্যু হয়।
মোরেলগঞ্জের পল্লীতে একটি সেতুর জন্য ১০ গ্রামের মানুষের ভোগান্তি
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সেতুর জন্য ১০ গ্রামের কয়েক হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়রা সুপারি গাছ দিয়ে দীর্ঘদিন সেতুটি ব্যবহার করলেও প্রায় পাঁচমাস ধরে এটি সম্পূর্ণ ভেঙে পড়ায় ভোগান্তি আরও বেড়েছে। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর বলছে বরাদ্দ না থাকায় নতুন করে নির্মাণ করা যাচ্ছে না সেতুটি।
সরোজমিনে দেখা যায়, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম চন্ডিপুর। এ গ্রামের দাউরা খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে যায় প্রায় সাড়ে চার বছর আগে। এরপর গ্রামবাসী সুপারি গাছ দিয়ে সেতুটি মেরামত করে ব্যবহার করে। যাতায়াতের বিকল্প ব্যবস্থা না থাকায় সেসময় জীবনের ঝুঁকি নিয়ে ওই সেতু দিয়ে বাধ্য হয়ে পার হতেন চন্ডিপুর, পূর্ব চন্ডিপুর, বড় জামুয়া, ছোট জামুয়া, কাছিকাটা, চড়গোপালপুরসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ। তবে গত পাঁচমাস ধরে সেতুটি পুরোপুরি ভেঙে যায়। এরপর থেকে নৌকায় করে খাল পার হচ্ছেন দুই পাড়ের বাসিন্দাসহ স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা। এতে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থীসহ নারী ও শিশুরা। এমন অবস্থায় ঝুঁকিপূর্ণ সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
চন্ডিপুর গ্রামের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আমেনা খাতুন বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় অনেক ভোগান্তি। নৌকায় করে খাল পার হওয়ার সময় ভয় লাগে। কিছুদিন আগে আমাদের এক বন্ধু নৌকা থেকে পড়ে যায়। পরে মাঝি তাকে উদ্ধার করে।
একই গ্রামের দশম শ্রেণীর শিক্ষার্থী সজিব জোমাদ্দার বলেন, অনেক সময় নৌকা পাওয়া যায় না। তখন বাধ্য হয়ে সাঁতার দিয়ে খাল পার হতে হয়।
পূর্ব চন্ডিপুর গ্রামের বাসিন্দা আসলাম শেখ বলেন, সেতুটির জন্য আশপাশের ১০ গ্রামের হাজার মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। সেতুটি ভেঙে যাওয়ার পর গ্রামবাসী চাঁদা তুলে সুপারি গাছ দিয়ে কোনো মতে মেরামত করে ব্যবহার করতে থাকি। কিন্তু সেটাও ভেঙে যাওয়ায় নৌকা ছাড়া আর কোনো বিকল্প নেই।
স্থানীয় ইউপি সদস্য মো. জামাল শেখ বলেন, দাউরা খালের উপর সেতুটি দীর্ঘদিন ধরে ভেঙে রয়েছে। বিষয়টি চেয়ারম্যান, ইউএনওসহ সংশ্লিষ্টদের জানিয়েছি। কিন্তু কারও কোনো মাথা ব্যাথা নেই। সেতুটির জন্য হাজার হাজার মানুষ ভোগান্তিতে রয়েছে। দ্রুত সেতুটি মেরামত করার জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানাই।
বাগেরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান বলেন, সেতুটি নতুন করে নির্মাণে মাটি পরীক্ষাসহ আনুসাঙ্গিক কাজ সম্পন্ন হয়েছে। তবে বরাদ্দ না হওয়ায় নির্মাণ করা যাচ্ছে না। বরাদ্দ পেলে আগামী অর্থ বছরে সেতুটি নির্মাণ করা হবে।
সেপটিক ট্যাংকে মিললো পিস্তল-গুলি, জুয়াড়িসহ গ্রেফতার ৫
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগরে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ ফেব্রয়ারি) বিকেলে উপজেলার শিবপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
অনলাইন জুয়ায় এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে অস্ত্র নিয়ে তারা অবস্থান করছিলেন বলে ধারণা পুলিশের।
গ্রেফতাররা হচ্ছেন মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের শাহজুল শেখের ছেলে শেখ বিজয় (২১), কোমরপুর গ্রামের বিল্লাল শেখের ছেলে প্রিন্স শেখ (৩৪) ও সিরাজুল ইসলামের ছেলে শাহিন রেজা (২৪), যশোরের কোতোয়ালি থানার আব্দুল খালেকের ছেলে রাজন হাসান (২৯) ও শফিকুল ইসলামের ছেলে আলামিন (৩১)।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে অনলাইন জুয়াড়ি বিজয় শেখের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় বিজয় শেখসহ তার সঙ্গীয় চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির সেপটিক ট্যাংক থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেফতার বিজয় শেখের নামে অনলাইন জুয়ার মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান বলেন, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য সেখানে অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন বলে জানতে পারে পুলিশ। তারা অনলাইন জুয়া ছাড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত কি না তা তদন্ত করা হচ্ছে।
কনসার্টে নিয়ে তরুণীকে দলবেঁধে ধর্ষণ: মূলহোতা দিহান গ্রেফতার
খুলনাঞ্চল রিপোর্ট
রূপগঞ্জ থানার পূর্বাচলে কনসার্টে নিয়ে তরুণীকে দলবেঁধে ধর্ষণ করা অভিযোগে মূলহোতা ফাহিম হাসান দিহানকে (১৮) গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকার খিলক্ষেত থানার পাতিরা এলাকা হতে তাকে গ্রেফতার করে র্যাব-১ এর একটি দল।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৩ ফেব্রুয়ারি রাতে পূর্বাচলের ময়েজ উদ্দিন চত্বরে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়। ওই রাত ১০টায় ভুক্তভোগীকে তার নিকটাত্মীয় সাব্বির (১৯) কনসার্টে নিয়ে যায়। কনসার্ট চলাকালীন সাব্বির ও আনাস কাজী তাদের অন্যান্য সহযোগীদের সঙ্গে নিয়ে ওই তরুণীকে (২৩) ধর্ষণের পরিকল্পনা করে।
তাদের পরিকল্পনা অনুযায়ী কনসার্ট শেষ হলে রাত পৌনে ১টার দিকে দিহান তার প্রাইভেটকার নিয়ে আসে। গাড়িতে দিহান, শাকিল, জাহিদ ওরফে শুভ, সালমান ও আরাফাত অবস্থান করে। সাব্বির একটি মোটরসাইকেলে ভুক্তভোগীকে কনসার্ট এলাকা থেকে একটু দূরে নিরিবিলি জায়গায় নিয়ে যায়। আসামী দিহান তার প্রাইভেটকারে শাকিল, জাহিদ, সালমান ও আরাফাতকে নিয়ে সেখানে যায়।
সেখানে পৌঁছে তারা ৭ জন আবার পরামর্শ করে ও ভুক্তভোগীকে প্রাইভেটকারের পেছনে বসায়। অল্প কিছুক্ষণ আসামি সাব্বির ও আনাস কাজী ভুক্তভোগীর সঙ্গে কথাবার্তা বলে। একপর্যায়ে তারা ওই তরুণীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে রাত আড়াইটার পর ভুক্তভোগীকে বাড়িতে পৌঁছে দেয়। পরে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে গত ১২ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-২৩।
তিনি আরও বলেন, মামলার পর র্যাব-১ অপরাধীদের গ্রেফতার করতে ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গতকাল রোববার রাতে র্যাব-১ এর দল রাজধানী ঢাকা খিলক্ষেত থানাধীন পাতিরা এলাকা থেকে ধর্ষণ মামলার মূল হোতা ফাহিম হাসান দিহানকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিহান দলবেঁধে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
দিহানকে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
সংসদ সদস্য সালাম মুর্শেদীর বিরুদ্ধে নেতা–কর্মীদের হুমকি ও গালাগালের অভিযোগ
স্টাফ রিপোর্টার
সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের গালাগাল ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দীন ওরফে বাদশা।
সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।
আবদুস সালাম মুর্শেদী এবার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। এই আসনে একবার উপনির্বাচনসহ পরপর তিনবার নির্বাচিত সংসদ সদস্য তিনি।
অভিযোগের ব্যাপারে সংসদ সদস্য সালাম মুর্শেদী বলেন, প্রায় সাত-আট বছর ধরে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে নৌকার বিপক্ষে কাজ করছেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন। এ কারণে তিনি দলীয়ভাবে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন। দলের অধিকাংশ নেতা-কর্মী তাঁর সঙ্গে নেই। সামনে উপজেলা পরিষদ নির্বাচন। তাই তিনি সংসদ সদস্যের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে মানুষের ও দলের অনুকম্পা পাওয়ার চেষ্টা করছেন।
এবারের নির্বাচনে খুলনা-৪ আসনে সালাম মুর্শেদীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এস এম মোস্তফা রশিদী সুজার ভাই এস এম মোর্তজা রশিদীর। তাঁর পক্ষে কাজ করেন তিন উপজেলার আওয়ামী লীগের একাংশের নেতারা।
২০০১ সালে বিএনপি-জামায়াত যেভাবে নির্যাতন করেছিল, এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়া নেতা-কর্মীদের সালাম মুর্শেদীর লোকজন সে ধরনের নির্যাতন করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সংসদ সদস্য সালাম মুর্শেদী রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি তাঁর অনুসারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বক্তব্য দেন। ইতিমধ্যে বিভিন্ন অনলাইনমাধ্যমে তাঁর বক্তব্যের অংশবিশেষ প্রচারিত হয়েছে। তিনি বিভিন্ন ইউনিয়নের সভায় প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যেসব নেতা-কর্মী অংশগ্রহণ করেছিলেন, তাঁদের অশ্লীল ভাষায় হুমকি দিয়েছেন। তিনি নেতাদের পদ-পদবি খেয়ে ফেলার হুমকিই শুধু দেননি, স্বতন্ত্র প্রার্থীর পক্ষের নেতাদের সালাম দিতেও জনগণকে নিষেধ করেছেন।
সংসদ সদস্য দায়িত্বের এখতিয়ার-বহির্ভূতভাবে রূপসার আইচগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
আওয়ামী লীগ নেতা কামাল উদ্দীন সংবাদ সম্মেলনে আরও বলেন, সালাম মুর্শেদী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদের ‘মীরজাফর’, ‘কুকুর’ বলে গালি দিয়েছেন। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের রাজাকার বলে আখ্যায়িত করেছেন। একজন সংসদ সদস্যের এ ধরনের উক্তি স্বাধীনতার মহান সৈনিকদের শুধু অপমানিত করেনি, তিনি বাংলাদেশের স্বাধীনতাকে বিতর্কিত করেছেন।
কয়রায় পতিত জমিতে বিনাচাষে আলু ও রসুন উৎপাদন প্রযুক্তির উপর মাঠ দিবস
কয়রা(খুলনা)প্রতিনিধি
উপকুলীয় লবনাক্ত অঞ্চলে আমন পরবর্তী পতিত জমিতে বিনাচাষে আলু ও রসুন উৎপাদন প্রযুক্তির উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সরেজমিন গবেষণা ইনস্টিটিউট খুলনার আয়োজনে বতুল বাজার গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সরেজমিন কৃষি গবেষনা বিভাগ গাজীপুরের বিভাগীয় প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাজহারুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের মহা-পরিচালক ড. দেবাশীষ সরকার। বিশেষ অতিথি ছিলেন পার্টনারের প্রকল্প পরিচালক ও বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.জগদীশ চন্দ্র বর্মন. গোপালগঞ্জের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহসীন হাওলাদার ও কয়রা উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সরেজমিন কৃষি গবেষণা ইনস্টিটিউট উধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুল ইসলাম। বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসানের পরিচালনায় মাঠ দিবসে আরও বক্তব্য রাখেন কয়রার উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাধক ঢালী, সাতক্ষীরার এমএলটি সাইটের বৈজ্ঞানিক সহকারি অমলেশ সরকার, স্থানীয় কৃষক সুলতানা মিলি, ঢালী শাহাবুদ্দিন, মোঃ গিয়াস উদ্দিন ঢালী, আল মামুন সানা প্রমুখ। অনুষ্ঠানে বক্তরা বলেন, লবনাক্ত জমিতে এ বছর বিনাচাষে আলু ও রসুন উৎপাদন করে ভাল ফলন পেয়েছে। তারা কয়রার ৭ টি ইউনিয়নে বিনাচাষে আলু ও রসুন উৎপাদনের জন্য সার্বিক সহযোগিতার দাবি জানায়। মাঠ দিবসে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
ফকিরহাটের বেতাগা ইউনিয়ন উচ্চশিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের ৪৪ শিক্ষার্থীকে বৃত্তির চেক প্রদান
ফকিরহাট প্রতিনিধি।
‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’-এই প্রতিপাদ্য বিষয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মডেল বেতাগা ইউনিয়ন পরিষদ চত্তরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ পালন করা হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী বর্নাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। সারাদেশের শ্রেষ্ঠ ও মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদে স্ট্যান্ডিং কমিটির ১৪টি স্টলে পরিষদের বিভিন্ন সেবার চিত্র তুলে ধরা হয়। এছাড়া স্থানীয় সরকার শক্তিশালীকরণে অংশীজনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও বেতাগা ইউনিয়ন উচ্চশিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৪৪জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮ লাখ ৮৫ হাজার টাকার বৃত্তির চেক প্রদান করা হয়।
বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও কানাডা প্রবাসী ডা. জীবন কৃষ্ণ দাশ।
সিআইজির ফোরামের সাধারন সম্পাদক শিক্ষক নাজমুল হুদা’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, শিক্ষার্থী মোঃ ওমর ফারুক ও সার্জন আখি আকতার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেতাগা ইউনিয়ন পরিষদ মডেল ইউনিয়নের স্বীকৃতি পাওয়ার পর থেকে দেশ বিদেশের বহু প্রতিনিধি দলের প্রশিক্ষনের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবর্তিত ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এখানে শহর ও গ্রামের ব্যবধান কমে এসেছে। অবকাঠামো উন্নয়ন এবং সেবার পরিধি বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ এ জনপদে এখন অর্থনৈতিক কর্মকান্ডে গতি সঞ্চার হয়েছে। জনগন কর্তৃক শতভাগ কর প্রদান ও বিভিন্ন কর্মকান্ডে জনগনের অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন পরিষদের বড় অর্জন। এধারা অব্যাহত রাখার জন্য ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের প্রতি উদ্যাত্ত আহবান জানান বক্তারা। এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুভা রায় ও মৎস্য কর্মকর্তা স্মৃতিকনা দাস সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। ##
কেন্দ্রীয় সভাপতির মায়ের আত্মার মাগফিরাত কামনায় খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের দোয়া অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু’র মা মরহুমা সাহারা বেগম ও প্রয়াত স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান করেছে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ। গত শনিবার সন্ধ্যায় খুলনা দলীয় কার্যালয়ে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেলের সঞ্চালনায় এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন গহন, মোঃ রেজাউল ইসলাম রাজা, এফ এম হাবিবুর রহমান, কুমারেশ মন্ডল, মোঃ মঈনউদ্দিন মাসুদ রানা, এস এম আসাদুজ্জামান নূর, মোঃ রাসেল ভুলু, এইচ এম কামাল হোসেন, মোঃ আব্দুল মান্নান শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত হোসেন, সুরজিৎ মন্ডল, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা গাজী কামরুল ইসলাম, জাফর ইসলাম শান্ত, এড. শেখ ইকবাল মোর্শেদ, মোঃ সিরাজুল ইসলাম, অনুপম মন্ডল, ইঞ্জিঃ মিথুন কুমার ঘোষ, মোঃ রফিকুল ইসলাম রুবেল, শেখ ওয়াসিয়া রহমান সেতু, শাহ্ নূর মোহাম্মদ, মোঃ কামরুল ইসলাম বাপ্পী, স্বপন কুমার রায়, এস এম মুশফিকুর আহমেদ সুজা, মোঃ শফিকুল ইসলাম সোহাগ, খান জাহিদুল ইসলাম, জিএম রেজা, আবুল কালাম আজাদ, শেখ আনিচুল হক, কাজী জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান মিজান, মোঃ ইদ্রিস আলী, রাজীব দাশ টাল্টু, মোঃ আবুল বাশার, খান ফরহাদুজ্জামান সুমন, এম এম ইমরান হোসেন, চিন্ময় রায়, মোঃ উজ্জ্বল হাওলাদার, নিপা লস্কর, চঞ্চল কুমার রায়, স ম কবিরুল ইসলাম, মোঃ মাকসুদুল আলম মামুন, মোঃ ইখতিয়ার উদ্দিন সুমন, মেহেদী আনাম রঞ্জু, হামিম কবির রুবেল, সোহেল আহমেদ লিটন, শিশির বর, সুজল সেন, মোঃ সিদ্দিকুর রহমান, আকাশ রায়, মোঃ শিমুল হোসেন, মোহাম্মদ রুবেল রানা, মোঃ হোসাইন কবির সজল, অ্যাড. দূর্গাপদ বাউলিয়া, গাজী ফাহিম আহমেদ সাগর, চৌধুরী শাহীদুল ইসলাম প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ রফিকুল ইসলাম।#
সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাঙা মেশিন উল্টে এক কলেজছাত্র নিহত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাঙা মেশিন উল্টে মামুন হোসেন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রোববার সাতক্ষীরা- ভোমরা সড়কের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র সদর উপজেলার ঘোনা ইউনিয়নের আজিবর হোসেনের ছেলে। তিনি সাতক্ষীরার সীমান্ত কলেজে পড়াশোনার পাশাপাশি দিনমজুরের কাজ করতেন। সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইটভাঙা মেশিনটি বাড়ি থেকে চালিয়ে ভোমরায় ইটভাঙার কাজে যাচ্ছিল চালক রানা। এ সময় মামুন তার পেছনে বসেছিলেন। বাদামতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মেশিনটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মামুন মারা যান। তিনি আরো বলেন, এ সময় স্থানীয়রা আহত রানাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহত মামুনের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।
খালিশপুরে সন্ত্রাসী হামলায় অন্তঃসত্বা নারীর গর্ভপাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর ৯ নং ওয়ার্ডের মুজগুন্নি পেটকা বাজার এলাকায় সন্ত্রাসী হামলায় অন্তঃসত্বা এক নারীর গর্ভপাতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঐ নারী ঘটনার সাথে জড়িত ৯ জনকে আসামি করে খালিশপুর থানায় একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং -৩৮। আসামিরা হলেন, জুয়েল (২৮) পিতা : সিরাজুল, হালিম (৩০), পিতা : অজ্ঞাত, রিপন (২৩) পিতা : সিরাজুল ইসলাম, রাজু (২৬), পিতা : নয়ণ, শ্যামেলা (৩৫) পিতা : সিরাজুল ইসলাম, পিংকি (১৯) স্বামী : রিপন, ইউসুফ (৩৩), পিতা : ফজলু, সাজু (২১) পিতা : অজ্ঞাত, কবির (৪০) পিতা : অজ্ঞাত।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি বনভোজনের হাঁড়ি পাতিল ওলট পালট হওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মনোমালিন্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায়, গত ১৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যার দিকে অভিযুক্তরা সকলে মিলে ভুক্তভোগী তানজিলাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার একপর্যায়ে তানজিলার চুল ধরে টেনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে এলোপাথাড়ি কিল ঘুষি ও লাথি মারতে থাকে এবং লাঠি দিয়ে কোমরে আঘাত করে। তাদের হামলায় তানজিলার ডাক চিৎকারে আশপাশের লোকজন সহ তার স্বামী নাজমুল শেখ এগিয়ে এলে তাকেও উপর্যুপুরি আঘাত করে সন্ত্রাসীরা। পরে লোকজনের উপস্থিতি বাড়লে তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায় সন্ত্রাসীরা। এদিকে ঐ রাতেই অন্তঃসত্ত্বা তানজিলার অবস্থার অবনতি হলে ১৯ ফেব্রুয়ারি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পরে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের ওসিসি তে স্থানান্তর করেন।
উপর্যুপুরি আঘাতের কারণে গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়ায় অনাগত সন্তানকে হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী তানজিলা।
খুলনায় গরীবের বন্ধু ডা. হাবিবুর রহমান আর নেই
খবর বিজ্ঞপ্তি
খুলনার প্রথিতযশা দন্ত চিকিৎসক ও ডেন্টাল সোসাইটির সভাপতি ডা. এস হাবিবুর রহমান (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন।) গত শনিবার দিবাগত রাত ১টা ৫০মিনিটের সময় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিতসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত রবিবার বাদ জোহর খুলনা নগরীর ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মরহুমের মরদেহ নগরীর নিরালা কবরস্থানে দাফন করা হয়। তিনি গরীব রোগী চিকিৎসা করে এলাকায় সুনাম অর্জন করেছেন।










































