খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা।।
সাতক্ষীরায় পরিপত্র না মেনে নিয়োগ বোর্ড বসানোর অভিযোগ উঠেছে। স্কুল সুত্রে জানা গেছে, গত ইং ২৩-১১-২৩ তারিখ কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর প্রান কৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে “কম্পিউটার ল্যাব অপারেটর ও আয়া” পদে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি বছরের ০৯-০২-২৪ তারিখ উল্লেখিত বিদ্যালয়ে সকাল ১০ টার সময় উল্লেখিত দুই পদের বিপরীতে নিয়োগ বোর্ড বসানো হয়। এক্ষেত্রে মানা হয়নি ১০ই জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের নতুন জারীকৃত পরিপত্রের নীতিমালা ও নির্দেশনা।
গত ১০-০১-২৪ ইং তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্রের নির্দেশনা অনুযায়ী শুন্য পদে নিয়োগ প্রদানের জন্য বহুল প্রচারিত দুইটি দৈনিক একটি জাতীয় এবং একটি স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এর পাশাপাশি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি ব্যাপকভাবে প্রচার করতে হবে। বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা “২০২১” এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী শুন্য পদের ধরন এমপিও নাকি নন এমপিও পদ, সংখ্যা, আবেদন ফি,প্রত্যেক পদের ক্ষেত্রে নিয়োগ যোগ্যতার আবশ্যকীয় শর্তাবলী, বেতন গ্রেড, আবেদন দাখিলের নিয়ম সহ আবেদন দাখিলের সর্বশেষ তারিখ ও সময় উল্লেখ করতে হবে। অথচ বিষ্ণুপুর প্রান কৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ১০ই জানুয়ারি জারীকৃত পরিপত্রের নতুন নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী দেওয়া হয়নি নতুন নিয়মে পত্রিকায় বিজ্ঞপ্তি। এ ছাড়া অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির পক্ষ থেকে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়নি। সে কারণে নিয়োগের বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন উঠার পাশাপাশি নানা মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। খোজ খবর নিয়ে জানা গেছে, উল্লেখিত বিদ্যালয়ে নিয়োগ বোর্ডে ডিজি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদরে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, উপস্থিত ছিলেন না কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লাহ।
জানা গেছে তার পক্ষ থেকে একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্রের নীতিমালা অনুযায়ী যদিও সাতক্ষীরা জেলা প্রশাসকের একজন প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার মন্ডল এবং ম্যানেজিং কমিটির সভাপতি দেবদাস মন্ডল। এ বিষয় বিষ্ণুপুর প্রান কৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার মন্ডল এর সাথে সরাসরি আলাপকালে তিনি বলেন, ১০ ই জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের জারীকৃত নতুন পরিপত্রের নীতিমালা অনুযায়ী পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি সত্য কথা। তিনি আরও বলেন, গত বছরের নভেম্বর মাসের ২৩ তারিখে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা পুরনো বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ বোর্ড সম্পন্ন করা হয়েছে। নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমার ভুল হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের জারীকৃত নতুন পরিপত্রের নির্দেশনা অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে।
এ বিষয় সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহাজাহান কবির বলেন, যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের নীতিমালা অনুযায়ী বিষ্ণুপুর প্রান কৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি পত্রিকায় নতুন নিয়মে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়নি সেহেতু এই নিয়োগ বৈধ বলে বিবেচিত হবেনা। তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের জারীকৃত পরিপত্রের নির্দেশনা অনুযায়ী পুনরায় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিধিমোতাবেক নিয়োগ কমিটির উপস্তিতির মাধ্যমে নিয়োগ বোর্ড বসাতে হবে।











































