-মো: মেহেদী হাসান
জনাব রফিক অনেকদিন পর তার গ্রামের বাড়িতে আসলেন। তিনি ভাবলেন, এ সুযোগে তিনি তার জমির বকেয়া খাজনা পরিশোধ করবেন। কিন্তু ভূমি অফিসের তিক্ত অভিজ্ঞতা ও দীর্ঘসূত্রিতা তার মন খারাপ করে দিল। তিনি এ ব্যাপারে তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে আদিবের পরামর্শ চাইলেন। আদিব স্মার্ট বাংলাদেশ ধারনার সাথে পরিচিত থাকায় তার বাবাকে এ ব্যাপারে আশ্বস্ত করলেন। তিনি তার বাবাকে বললেন, ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সফটওয়্যার’ এর মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কাজ এখন অত্যান্ত সহজ ও গতিশীল হয়েছে। তিনি কয়েকটি উদাহরণ দিলেন, যেমন: ই-মিউটেশন, অনলাইন কর আদায় সিস্টেম, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা প্রাপ্তি, ডিজিটাল সার্ভেয়িং এবং ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, ল্যান্ড জোনিং, অনলাইন শুনানী সিস্টেম, হট লাইন সেবা ইত্যাদি। অবশেষে আদিবের পরামর্শে জনাব রফিক ইউনিয়ন ভূমি অফিসে গেলেন এবং সেখানকার ডিজিটাল সেবা দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। খুবই কম সময়ে এবং স্মার্ট অনুষঙ্গ ব্যবহার করে ভূমি অফিসের কর্মচারীরা তাকে যে সেবা দিলেন, তাতে তিনি মেনে নিতে বাধ্য হলেন যে বর্তমান সরকারের স্মার্ট ভূমিসেবা দেশের ভূমি ব্যবস্থাপনাকে একটি অনন্য মাত্রায় উন্নীত করেছে এবং স্মার্ট বাংলাদেশের সেবাসমূহ এরকমই নাগরিকবান্ধব হতে যাচ্ছে।
স্মার্ট ভূমিসেবার সূচনা হয়েছিল ২০০৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে। এ ইশতেহারের অত্যন্ত গুরুত্বপূর্ন অংশ ছিল ‘ডিজিটাল বাংলাদেশ’। এরই ধারাবাহিকতায় ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তি সংযোজিত হয় এবং ভূমি সংক্রান্ত আইন-কানুনের যুগোপযোগীকরণ শুরু হয়। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের লক্ষ্যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করছে। সুতরাং ভূমিসেবাকেও স্মার্ট করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং এক্ষেত্রে যুগান্তকারি সাফল্য অর্জিত হয়েছে। বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য দেশের মানুষকে হয়রানিবিহীনভাবে ও নিজ বাড়িতে বসেই ভূমিসেবা প্রদান করা এবং এ লক্ষ্যে বর্তমান সরকার যথেষ্ট অগ্রগতি সাধন করেছে।
প্রথমেই বলা যায় ডিজিটাল ভূমি উন্নয়ন করের কথা। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধের কার্যক্রম শুভ উদ্বোধন করেন। এখন নাগরিকগণ ভূমি অফিসে না এসেই ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন এবং পরিশোধের সাথে সাথেই কিউআর কোডযুক্ত অনলাইন দাখিলা পাচ্ছেন। নাগরিকদের পাশাপাশি সরকারও এ প্রক্রিয়ায় লাভবান হচ্ছে, কারণ ডিজিটালাইজড হওয়ার কারণে বর্তমানে প্রতিদিন প্রায় ৪ কোটি টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে।
দ্বীতীয়ত, ই-নামজারি বা স্মার্ট নামজারির কথা না বললেই নয়। জমি ক্রয় করার পরে জমির মালিক এখন অনলাইনে ঘরে বসেই হয়রানি ছাড়া নামজারি করতে পারছেন। বর্তমানে প্রতিমাসে প্রায় দুই লক্ষাধিক নামজারি নিষ্পত্তি হচ্ছে। ১ অক্টোবর, ২০২২ থেকে ই-নামজারিকে পুরোপুরি ক্যাশলেছ করা হয়েছে যাতে তা দূর্নীতিমুক্ত হতে পারে এবং অনলাইন ডিসিআর কে কিউআর কোডভিত্তিক করা হয়েছে। আগামীতে ই-নামজারি সিস্টেমকে আরও স্মার্ট করতে জমির রেজিস্ট্রেশন সিস্টেম এবং প্রয়োজনীয় আরও সিস্টেমের সাথে সংযুক্ত করা হচ্ছে। এ প্রক্রিয়ায় ই-রেজিস্ট্রেশন ও ই-মিউটেশন কে একীভূত করা হবে। সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস ‘স্মার্ট ভূমি রেকর্ড’ সিস্টেম থেকে মালিকানা যাচাই করবে এবং ডিজিটাল পদ্ধতিতে দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন করবে। দলিল রেজিস্ট্রেশন এর সাথে সাথেই ডাটা শেয়ারিং এর মাধ্যমে ই-নামজারি সিস্টেম শুরু হবে এবং সহকারি কমিশনার (ভূমি) দলিল ও বিক্রীত জমির তথ্য ই-নামজারি সিস্টেমে প্রাপ্ত হয়ে আবেদন কার্যক্রম শুরু করবেন। বর্তমান সরকার এ প্রক্রিয়ার মাধ্যমে ভূমি সংক্রান্ত দূর্নীতি অনেকাংশেই রোধ করতে পারবে যেমন: জমির শ্রেনী পরিবর্তন এবং জাল খতিয়ানের মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন বন্ধ করতে পারবে; ব্যাংক অথবা কোন আর্থিক প্রতিষ্ঠানের নিকট বন্ধক রাখা জমি অন্যত্র বিক্রি বন্ধ করতে পারবে; দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত কর ফাঁকি বন্ধ করতে পারবে এবং একই সম্পত্তি প্রতারণা করে বার বার বিক্রি করা বন্ধ করতে পারবে।
এছাড়া বর্তমান সরকারের স্মার্ট ভূমি ব্যবস্থাপনার আরও কিছু উদ্যোগের কথা উল্লেখ করা যায়। যেমন: স্মার্ট ভূমি নকশা। আগামীতে সকল জমির নকশা অনলাইনেই থাকবে। এছাড়া স্মার্ট ভূমি পিডিয়ার মাধ্যমে ভূমির সকল তথ্য, ভূমি বিষয়ক সকল সেবা ও আইনী তথ্য আগামীতে অনলাইনেই পাওয়া যাবে এবং এতে চ্যাটবট এর মাধ্যমে পরামর্শ সেবাও নাগরিকেরা পাবেন। ভূমি রেকর্ডও স্মার্ট হবে। এ স্মার্ট ভূমি রেকর্ডের মাধ্যমে অনলাইনেই একটি খতিয়ানের মাধ্যমে সকল জরিপ ও নামজারির তথ্য জনসাধারন জানতে পারবে। এছাড়া একটি জমি কতবার ভাগ হয়েছে, কতটুকু অবশিষ্ট আছে তাও জানা যাবে।
ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশনের পাশাপাশি একে আরও জনবান্ধব করতে সরকার কলসেন্টার চালু করেছে। ১৬১২২ নম্বরে কল করে নাগরিকগণ এনআইডির তথ্য দিয়ে এজেন্টের মাধ্যমে ভূমিসেবার আবেদন দাখিল করার পাশাপাশি ভূমিসেবা সংক্রান্ত অভিযোগও জানাতে পারবেন।
ভূমিসেবা সংক্রান্ত সরকারের এ মহতী উদ্যোগ জাতীয় ও আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছে। ২০২০ সালে ই-নামজারি সিস্টেম জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ‘জাতিসংঘ পাবলিক সার্ভিস এ্যাওয়ার্ড ২০২০’ লাভ করে। ২০২২ সালে ডিজিটাল ভূমি উন্নয়ন কর কার্যক্রম জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ তথ্য প্রযুক্তি খাতে বিশ্বের সবচেয়ে সম্মানজনক ‘ডব্লিউ এস আই এস’ (ডঝওঝ) পুরস্কার ২০২২ অর্জন করে। ‘ভূমি তথ্য ব্যাংক’ এর জন্য ভূমি মন্ত্রণালয় সংস্কার ক্যাটাগরিতে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ অর্জন করে। এছাড়াও ‘অনলাইন ভূমি উন্নয়ন কর’ কার্যক্রমের মাধ্যমে জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভূমি মন্ত্রণালয় ‘ডিজিটাল বাংলাদেশ এ্যাওয়ার্ড ২০২২’ অর্জন করে।
বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশ এর পথে এগিয়ে যাচ্ছে। জনবান্ধব এ সরকারের হাত ধরে স্মার্ট বাংলাদেশ এর নাগরিকগণ এরকম আরও অনেক স্মার্টসেবা পাবে তা আশা করাই যায়। -পিআইডি ফিচার/ লেখক: মো: মেহেদী হাসান, সিনিয়র তথ্য অফিসার, আঞ্চলিক তথ্য অফিস, খুলনা। তাং ১৫-০৪-২০২৪











































