Home খেলাধুলা রংপুরের হাত ধরে বিপিএলের ‘প্রথম’ দুইশ

রংপুরের হাত ধরে বিপিএলের ‘প্রথম’ দুইশ

37

স্পোর্টস ডেস্ক

রংপুর রাইডার্সের হাত ধরে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রথম দুইশ’র মুখ দেখল। আসরের ২৭তম ম্যাচে প্রথমে ব্যাট করা রংপুর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে রিজা হেনড্রিক্স ও জেমস নিশামের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২১১ রান করেছে।

আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রপুর অধিনায়ক নুরুল হাসান সোহান।

ব্যাটিংয়ে নেমে রংপুরকে উড়ন্ত সূচনা পাইয়ে দেন রনি তালুকদার ও রিজা। ৬.৫ ওভারে তারা ৬১ রান তোলেন। অবশেষে এই জুটি ভাঙেন নিহাদুজ্জামান। তিনি ১৭ বলে ২৪ করা রনিকে ফেরান। তবে বিধ্বংসী দক্ষিণ আফ্রিকান ব্যাটার রিজা ফের সাকিব আল হাসানের সঙ্গে ৬০ রানে জুটি গড়েন।

দলীয় ১৩তম ওভারে অবশ্য এই জুটির দুজনই কাঁটা পড়েন। সালাউদ্দিন শাকিল তাদের ফেরান। রিজা ৪১ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৮ রান করেন। আর সাকিব ১৬ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৭ রানে আউট হন।

যদিও চতুর্থ উইকেট জুটিতে নিশাম ও সোহান বাজিমাত করেন। তারা ৪৬ বলে ৮৯ রান তুলে অপরাজিত থাকেন। ফিফটি তুলে নেওয়া নিশাম ২৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫১ রান করেন। আর সোহান ২১ বলে ২টি চার ও একটি ছক্কায় ৩১ রানের হার না মানা ইনিংস খেলেন।