Home খেলাধুলা সাকিবদের বিপক্ষে খুলনার দেশি ব্যাটারদের ব্যর্থতা পুষিয়ে দিলেন বিদেশিরা

সাকিবদের বিপক্ষে খুলনার দেশি ব্যাটারদের ব্যর্থতা পুষিয়ে দিলেন বিদেশিরা

42

স্পোর্টস ডেস্ক।।

শুরুর দিকে এভিন লুইস ব্যাট হাতে ঝড় তুললেও বাকিরা ছিলেন ব্যর্থ। তবে মিডল অর্ডারে দাসুন শানাকা ও মোহাম্মদ নওয়াজ আধিপত্য দেখান রংপুর রাইডার্সের বোলারদের ওপর। তাতে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৬০ রানের লড়াকু পুঁজি গড়ে খুলনা টাইগার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। খুলনার বাংলাদেশি ব্যাটাররা এদিন যতটা ব্যর্থ হয়েছেন ততটাই সফল হয়েছেন বিদেশি ব্যাটাররা। প্রথম ৫০ রানের মধ্যে ৩ উইকেট হারায় খুলনা। এরা হলেন জাতীয় দলে খেলা তিন ক্রিকেটার এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেন। এদের মধ্যে দুই অঙ্কের রানও স্পর্শ করতে পারেননি কেউ।

তবে টপ অর্ডারের এই ব্যর্থতার মধ্যেও ঝোড়ো ব্যাটিং করেছেন এভিন লুইস। দলীয় ৬৪ রানে তিনি যখন আউট হন, তখন তার একার রানই ৩৭। ২৫ বলে সমান ৩টি করে চার ও ছক্কায় এই ইনিংস খেলেন তিনি।

এরপরই জুটি বাঁধেন দলটিতে খেলা লংকান ক্রিকেটার দাসুন শানাকা ও পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ। শানাকা একটু রয়েসয়ে খেললেও শুরু থেকেই আগ্রাসী ছিলেন নওয়াজ। পঞ্চম উইকেটে গড়েন ৭৭ রানের জুটি। ১৪১ রানের মাথায় ৩৩ বলে ৪০ রান করে ফেরেন শানাকা। আর শেষ ওভারের তৃতীয় বলে দলের রান যখন ১৫৫ তখন ফেরেন নওয়াজ। ৩৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৫ রান করেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে খুলনা।

বল হাতে রংপুরের সবচেয়ে সফল পেসার হাসান মাহমুদ। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। সমান ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন শেখ মেহেদী। ৪ ওভারে মাত্র ২১ রান দিলেও উইকেটশূন্য ছিলেন সাকিব আল হাসান।