বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে নিজ ঘরে ডেকে নিয়ে ৯ বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সি এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে মোল্লাহাট উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে মঙ্গলবার বিকালে নিজ ঘরে ডেকে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে ওই কিশোর। পরে নির্যাতিতা শিশুর পরিবারের পক্ষ থেকে মোল্লাহাট থানায় অভিযোগ দেওয়া হয়।
আটক কিশোর ওই এলাকার ট্রাকচালক মো. আবুল কালামের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়াশোনা করে। ঘটনার দিন কিশোরের মা সেলাই প্রশিক্ষণে এবং বাবা ট্রাক নিয়ে বাইরে ছিলেন।
পুলিশ জানায়, পুতুল তৈরির টুকরো কাপড় দেওয়ার কথা বলে ওই শিশুকে নিজ বসত ঘরে ডেকে নেয় কিশোর। বাড়িতে কেউ না থাকার সুবাদে সেখানে শিশুটিকে ধর্ষণ করে সে। মুমূর্ষু অবস্থায় শিশুটি বাড়িতে আসে। পরিবারের লোকজন বুঝতে পেরে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে নিকটস্থ গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। শিশুটি বেশ অসুস্থ, গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











































