খুলনাঞ্চল রিপোর্ট
বগুড়ার শিবগঞ্জে প্লে শ্রেণির ছাত্রী শিশু হালিমা খাতুনের (৭) হত্যারহস্য উন্মোচিত হয়েছে। ধর্ষণের পর জানাজানির ভয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে আপন চাচাতো ভাই (১৫)। গুম করতে লাশ বস্তায় ভরে ঘরের কোনে লুকিয়ে রাখে। এ কাজে তার বাবা-মা সহযোগিতা করেন।
ওই কিশোর মঙ্গলবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মোমিনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বুধবার বগুড়ার শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ এ তথ্য দিয়েছেন।
পুলিশ জানায়, নিহত শিশু হালিমা খাতুন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর মধ্যপাড়া গ্রামের চা দোকানি হাবলু মিয়ার মেয়ে। সে স্থানীয় কেজি স্কুলে প্লে শ্রেণিতে পড়ত। গত শুক্রবার জুমার নামাজের পর বাড়ির সামনে থেকে শিশুটি নিখোঁজ হয়। বিভিন্ন স্থান ও গ্রামের তিনটি পুকুরে ডুবুরি নামিয়েও তার সন্ধান মেলেনি।
পুলিশ তিন দিন পর সোমবার বিকালে বড় চাচা আনিসুর রহমানের ঘর থেকে হালিমার বস্তাবন্দি লাশ উদ্ধার করে। এ সময় আনিসুর রহমান (৪০), তার স্ত্রী রাহেনা বেগম (৩৫) ও তাদের কিশোর ছেলেকে (১৫) গ্রেফতার করা হয়। রাতে হাবলু মিয়া শিবগঞ্জ থানায় ভাই, ভাবি ও ভাতিজার বিরুদ্ধে হত্যা ও লাশ গুমের মামলা করেন।
মঙ্গলবার ওই কিশোর আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তি দেয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতার কিশোর স্থানীয় একটি মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ে। জবানবন্দিতে সে বলেছে, শুক্রবার দুপুরে চাচাতো বোন হালিমা খাতুনকে টেলিভিশন দেখার কথা বলে নিজে ঘরে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকায় সে তাকে ধর্ষণ করে। এ সময় হালিমা কান্নাকাটি ও তার হাতে কামড় দেয়। ধর্ষণের ঘটনা জানাজানির ভয়ে ওই কিশোর গলাটিপে ধরলে হালিমা মারা যায়। এরপর লাশ বাহিরে কোথাও গুম করতে বস্তায় তুলে ঘরে রেখে দেয়।
এদিকে পুলিশ নিখোঁজ হালিমাকে খোঁজাখুঁজি শুরু করলে ওই কিশোর ভয় পায়। তখন সে তার চাচাতো বোনকে ধর্ষণের পর হত্যার কথা বাবা-মার কাছে স্বীকার করে। তখন তারা লাশ গুম করার প্রস্তুতি নেয়; কিন্তু এর আগেই পুলিশ লাশ উদ্ধার করলে ওই পরিকল্পনা ভেস্তে যায়।
আদালতের নির্দেশে আনিসুর রহমান ও স্ত্রী রাহেনা বেগমকে বগুড়া জেলহাজতে এবং তাদের কিশোর ছেলেকে যশোরের পুলেরহাটে শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হালিমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে দ্রুত আদালতে চার্জশিট দাখিল করা হবে।
মামলার বাদী হাবলু মিয়া বলেন, ভাতিজা তার ছোট মেয়েকে এভাবে ধর্ষণ ও হত্যা করবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। লাশ গুম করার জন্য বড় ভাই ও ভাবি সহযোগিতা করেছে। তার এ কষ্ট কখনো পূরণ হবে না। তিনি আসামিদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এতে তার মেয়ের আত্মার শান্তি পাবে।











































