খুলনাঞ্চল রিপোর্ট।।
বাংলাদেশের কিশোরী ফেলানী খাতুনের লাশ ঝুলেছিল কুড়িগ্রাম সীমান্তের কাঁটাতারের বেড়ায়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে সেই মৃত্যুর বিচার হয়নি ১৩ বছরেও। এরপর ভারতের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধে দফায় দফায় বৈঠক ও প্রতিশ্রুতি দেওয়া হয়। সীমান্তে মারণাস্ত্র ব্যবহার বন্ধের বিষয়েও সিদ্ধান্ত হয়। গত বছর ভারত-বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর ডিজি পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা বন্ধসহ ছয়দফা সিদ্ধান্তও হয়। তারপরও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যাকা- বেড়েই চলছে। সর্বশেষ গত সোমবার ভোরে বিএসএফের গুলিতে নিহত হন বিজিবির সৈনিক মোহাম্মদ রইশুদ্দীন।
এর আগে গত ৪ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে দুই যুবককে গুলি করে হত্যা করে বিএসএফ। ২০২৩ সালে বিএসএফের হাতে বাংলাদেশি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে।
সীমান্তে বিজিবি সদস্য হত্যাকার্ডের বিচ্ছিন্ন ঘটনা বলেছেন বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। তবে দুই দেশের সীমান্তে সম্পর্কের সেই প্রতিফলন দেখা যাচ্ছে না, বরং বিপরীতমুখী। সীমান্ত হত্যা বন্ধে দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও তাতে সীমান্ত পরিস্থিতির পরিবর্তন হয়নি। বরং সীমান্তে হত্যাকা- বেড়েছে। ভারতের রাজনৈতিক সদিচ্ছার অভাবকে সীমান্তে হত্যাকান্ডের জন্য দায়ী করছেন তারা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল (অব) আ ন ম মুনীরুজ্জামান বলেন, ‘যদি রাজনৈতিকভাবে সঠিক নির্দেশনা থাকে, তাহলে সীমান্তে এভাবে হত্যাকা- হতে পারে না। সীমান্ত হত্যা বন্ধে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। সবচেয়ে উচ্চপর্যায় থেকে কমিটমেন্ট এখানে দেখাতে হবে। ভারতের পক্ষ থেকে নিশ্চয় কোনো জায়গায় ঘাটতি আছে। আরেকটা জিনিস আমরা লক্ষ করছি, সীমান্তে হত্যাকান্ডের জন্য ভারতে কাউকে জবাবদিহি করতে হয়নি এবং আইনের আওতায়ও আনা হয়নি। ফলে এসব হত্যাকা- ভারতের কাছে কতটুকু গুরুত্ব পায়, সেটাও আমরা জানি না। মোট কথা, এখন দুই প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের সীমান্তে এই হত্যাকা- বন্ধ হওয়া দরকার।’
২০২২ সালের জুলাইয়ে বাংলাদেশে সীমান্ত সম্মেলনে যোগ দিতে এসে বিএসএফ মহাপরিচালক পঙ্কজ কুমার সিং বলেছিলেন, সীমান্তে যারা হতাহতের ঘটনার শিকার হন, তারা সবাই অপরাধী। একই সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনায় জোর দিচ্ছেন তারা।
সীমান্তে হত্যার পর ভারত বেশির ভাগ সময়ই চোরাচালানের কথা বলে। তাদের এ যুক্তির বিষয়ে আ ন ম মুনীরুজ্জামান বলেন, ‘চোরাচালান প্রতিহতের অনেক উপায় আছে। এজন্য প্রথমেই গুলি করতে হবে- এমন তো কথা নেই। এটা সদিচ্ছার ব্যাপার।’
গত বছর যশোরে বিজিবি ও বিএসএফের ফ্রন্টিয়ার আইজি পর্যায়ের চার দিনের সম্মেলনে সীমান্ত হত্যা নিরসনে নানা প্রতিশ্রুতি আসে। সীমান্ত হত্যা কমিয়ে আনতে বিএসএফের পক্ষ থেকে নন-লেথাল (প্রাণঘাতী নয় এমন) নীতি অনুসরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। তবে প্রস্তাব আর প্রতিশ্রুতি যতবারই দেওয়া হোক, বিএসএফ সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধ করেনি।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, ২০২১ সালে সীমান্তে নিহত হন ১৬ বাংলাদেশি, আহত হন ৯ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয় রংপুর সীমান্তে, আটজন। ২০২২ সালে নিহত হন ২৩ জন; আহত হন ১৫ জন; অপহরণ করা হয় ১১ জনকে। ২০২৩ সালে সীমান্তে হত্যা বেড়ে দাঁড়ায় ২৮ জনে। আহত হন ৩১ জন। এর মধ্যে গত ৪ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে গেদুড়া ইউনিয়নের গেরুয়াডাঙ্গী গ্রা?মের নজরুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান এবং একই এলাকার আবদুল বাসেদের ছে?লে জহুরুল ইসলাম নিহত হন। এরপর ১৬ ডিসেম্বর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্তে বিএসএফ গুলি করে সাজেদুর রহমান ও খাজা মইনুদ্দীনকে হত্যা করে। গত ২২ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন পাঁকা ইউনিয়নের বাবুপুর মধ্যপাড়া গ্রামের বাবলু হক। ৮ নভেম্বর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়াড়মানিকচক সীমান্তে সমিরুল হক নামে এক কিশোরের মৃত্যু হয়।
গতকাল সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক হয়। বৈঠকের পর বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহতের বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘এগুলো আলোচনা হয়নি। এটা বিচ্ছিন্ন ঘটনা।’











































