অনলাইন ডেস্ক।।
চাঁদের পর সূর্য অভিযানেও জয় পেল ভারত। শনিবার বিকেল ৪টায় নির্দিষ্ট সময়েই দেশের প্রথম মহাকাশভিত্তিক মিশন ‘আদিত্য এল১’ মহাকাশযানটিকে নির্দিষ্ট গন্তব্যের কক্ষপথে স্থাপন করতে সক্ষম হন বিজ্ঞানীরা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানায়, সূর্য গবেষণার জন্য পৃথিবী থেকে প্রায় ১৫ লাখ কিলোমিটার দূরে এটি স্থাপন করা হয়েছে। খবর পিটিআইর।
মহাকাশযানটি সূর্য ও পৃথিবী সিস্টেমের ল্যাগ্রাঞ্জ পয়েন্ট একটির (এল১) চারপাশে হ্যালো অরবিটে পৌঁছেছে। ‘এল১ বিন্দু’ পৃথিবী এবং সূর্যের মধ্যে মোট দূরত্বের প্রায় ১ শতাংশ।
ইসরো জানিয়েছে, ‘এল১ পয়েন্ট’-এর চারপাশে হ্যালো অরবিটে স্যাটেলাইট থেকে সূর্যকে একটানা দেখা যায়। যার ফলে এখন সূর্য পর্যবেক্ষণে এবং মহাকাশের আবহাওয়ার ওপর এর প্রভাব পর্যবেক্ষণ আরও সহজ হবে। ‘লাগ্রাঞ্জ পয়েন্ট’ হলো সেই অঞ্চল, যেখানে পৃথিবী এবং সূর্যের মধ্যে মাধ্যাকর্ষণ নিষ্ক্রিয় হয়ে যায়। একটি পর্যায়ক্রমিক, ত্রিমাত্রিক কক্ষপথ এল১, এল২ বা এল৩ ‘ল্যাগ্রাঞ্জ পয়েন্ট’-এর একটির কাছাকাছি হেলো অরবিট।
শুক্রবার ইসরোর কর্মকর্তা আগেই জানান, শনিবার বিকেল ৪টার দিকে মহাকাশযানটিকে হ্যালো অরবিটে স্থাপন করা না হলে সম্ভবত এটি সূর্যের দিকে চলে যাবে। সেই সিদ্ধান্ত অনুয়ায়ী শনিবার বিকেল ৪টায় অরবিটে স্থাপন করা হয়।











































