স্টাফ রিপোর্টার।।
খুলনা-৪ আসনে ১২ জন প্রার্থী থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে আওয়ামী লীগের দুই প্রার্থীর মধ্যে। নির্বাচনী এলাকায় এখন চাপা উত্তেজনা বিরাজ করছে। কোনো কোনো ভোট কেন্দ্রে ঝামেলা হতে পারে বলে মনে করছেন রূপসা উপজেলার শিয়ালি গ্রামের শ্রমিক রবিউল ইসলাম।
ডুমুরিয়া উপজেলার শরাফপুর গ্রামের মাছ চাষি কৃষ্ণপদ মণ্ডল বলেন, খুলনা-৫ আসনের প্রধান দুই প্রার্থীই আওয়ামী লীগের এবং তারা দুইজনই শক্তিশালী। নির্বাচনের দিন যে কী হয় তা নিয়ে অনেকেরই দুশ্চিন্তা রয়েছে।
কয়রা উপজেলার ঘুগরাকাঠি গ্রামের কৃষক সিরাজুল আলম বলেন, খুলনা-৬ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগের দুই নেতার মধ্যে। সে কারণে উত্তেজনা রয়েছে। নির্বাচনের দিন ঝামেলা হতে পারে।
শুধু এই তিনজনই নয়; খুলনা-৪, ৫ ও ৬ আসনের অনেক ভোটার এবং প্রার্থীরাও কেউ কেউ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছেন। এ তিনটি আসনে এবারের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগের তিন নেতা। ইতোমধ্যে নির্বাচনী এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
তবে পুলিশ ও প্রশাসন বলছে, সহিংসতা প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতি রেখেছেন তারা। নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিকে খুলনা-৪ আসনের রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় উত্তাপ বেড়েছে। এ আসনে ১২ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত আব্দুস সালাম মূর্শেদী ও স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগের এসএম মোর্ত্তজা রশিদী দারা। সালাম মূর্শেদী এ আসনের দুই বার সংসদ সদস্য ও শিল্পপতি। আর দারা এ আসনের ৩ বারের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এসএম মোস্তফা রশিদী সুজার ভাই। দারা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, এ আসনের তিনটি উপজেলা ও ইউনিয়নগুলোতে দলের নেতা-কর্মীরা দুই প্রার্থীর পক্ষে বিভক্ত। এসএম মোর্ত্তজা রশিদী দারা বুধবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, তার কর্মী-সমর্থকদেরকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন মারধর, ভয়ভীতি দেখানো এবং হুমকি-ধমকি দিচ্ছে। বারবার অভিযোগ করেও তিনি প্রতিকার পাচ্ছেন না।
তবে অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী সালাম মূর্শেদী বলেন, দলের নেতা-কর্মীরা সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করছেন। সাধারণ মানুষ এলাকার উন্নয়ন চায়, সে কারণে তারাও নৌকার পক্ষে। এ অবস্থায় দিশেহারা হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিথ্যাচার করছেন।
এদিকে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসনে মোট প্রার্থী পাঁচজন। এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র চন্দ এবং স্বতন্ত্র প্রার্থী হওয়া ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন। নারায়ণ চন্দ্র এ আসনের চার বারের সংসদ সদস্য এবং শেখ আকরাম হোসেন ফুলতলা উপজেলা পরিষদের চার বারের চেয়ারম্যান।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, দলের নেতা-কর্মীরা দুই প্রার্থীর পক্ষে বিভক্ত হয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন। তাদের পাল্টাপাল্টি প্রচারণায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্বতন্ত্র প্রার্থী আকরাম হোসেন অভিযোগ করেন, নৌকার প্রার্থীর লোকজন আমার কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছে। সরকারের সুবিধাভোগীদেরকে তারা তাদের পক্ষে থাকার জন্য চাপ দিচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে।
তবে আওয়ামী লীগের প্রার্থী নারায়ণ চন্দ্র বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা সবাই আমার পক্ষে কাজ করছেন। অবস্থা খারাপ দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিভিন্ন অভিযোগ করে চলেছেন।
পাইকগাছা ও কয়রা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৬ আসনে সাতজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ মনোনীত মো. রশীদুজ্জামান মোড়ল ও স্বতন্ত্র প্রার্থী হওয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জি এম মাহবুবুল আলমের মধ্যে। দলের নেতা-কর্মীরা দুই প্রার্থীর পক্ষে বিভক্ত হয়ে পড়ায় নির্বাচনী এলাকায় উত্তেজনা রয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম বলেন, আমার কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে। দলের নেতারা যেন আমার পক্ষে না থাকে সেজন্যও তাদেরকে চাপ দিচ্ছে।
তবে নৌকার প্রার্থী মো. রশীদুজ্জামান মোড়ল বলেন, নির্বাচন সুষ্ঠু হবে। হুমকি-ধমকি বা চাপ প্রয়োগের অভিযোগ সঠিক নয়।
তবে খুলনার পুলিশ সুপার মো. সাঈদুর রহমান বলেন, নির্বাচনের পরিবেশ যথেষ্ট ভালো আছে। নির্বাচনের দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। ভোটারদের নিরাপদে ভোট দেয়ার ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
রিটার্নিং কর্মকর্তা ও খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ। এর জন্য যা যা প্রয়োজন সবকিছুই করা হবে।











































