ঢাকা অফিস।।
মুন্সীগঞ্জ- ৩ আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে গুলি করে হত্যা ও আরেকজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কেঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থকদের বিরুদ্ধে।
বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের নৌকার ক্যাম্পে এই হামলা হয়। এতে ডালিম নামের নৌকার সমর্থক গুলিবিদ্ধ হয়। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার্ড করা হলে পথিমধ্যে গুলিবিদ্ধ ডালিম মারা যায়। এ ঘটনায় সোহেল নামের আরেক সমর্থককে পিটিয়ে আহত করা হয়েছে।
স্থানীয়রা ও আহত সোহেল জানায়, মুন্সীকান্দি এলাকার নৌকার ক্যাম্পে অবস্থানের সময় কাঁচি প্রতীকের সমর্থক সোহাগ ও শিপন নেতৃত্বে ১০ জনের একটি দল হঠাৎ গুলি চালিয়ে ও পিটে দুইজনকে আহত করে৷
এই ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।











































