তাসকিন বললেন, ‘এটা খুবই শান্তির একটা বিষয়’
তাসকিন আহমেদ
চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলা হয়নি তাসকিন আহমেদের। মাঠে না থাকলে কি হবে, দেশের খেলা থেকে নজর সরাননি তিনি। স্বাভাবিকভাবেই কিউইদের বিপক্ষে স্মরণীয় জয়ে স্বস্তি জানিয়েছেন এ টাইগার পেসার।
মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমকে তাসকিন বলেন, ‘এটা (নিউজিল্যান্ডে জয়) খুবই শান্তির একটা বিষয়। ব্যক্তিগতভাবে আমি যখন ম্যাচগুলো দেখতেছিলাম সবাই এতো দারুণ বোলিং করেছে মাশা-আল্লাহ। এটা খুবই স্বস্তির, কারণ দিনশেষে পেসারদের দাপটে আমরা এই প্রথম নিউজিল্যান্ডে জয় পেয়েছি, এটা পেস বোলার হিসেবে অনেক শান্তির আসলে। যদিও অবশ্য আমি মিস করেছি।’
আইপিএলে না খেলতে পারা প্রসঙ্গে তাসকিন বলেন, ‘এ নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।’
অন্যান্য পেসারের মতোই তাসকিনেরও চোটের প্রবণতা আছে। তাছাড়া বাংলাদেশের বর্তমান পেস বিভাগের মূল দায়িত্ব তার কাঁধেই। চোট আর জাতীয় দলের খেলা সবমিলিয়ে তার জন্য আইপিএলের মতো দীর্ঘ সময়ের আসরে খেলাটা চ্যালেঞ্জিংই।
তাসকিন বলেন, ‘বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।’











































