স্পোর্টস ডেস্ক
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে সফর করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এ লক্ষ্যে গত ৩০ ডিসেম্বর ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। যেখানে অধিনায়ক নিল ব্র্যান্ডসহ ৭ জন অভিষেকের অপেক্ষায়।
নিউজিল্যান্ড সফরের জন্য দক্ষিণ আফ্রিকার ঘোষিত স্কোয়াড নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। মূলত, টেস্টের মতো মর্যাদপূর্ণ সংস্করণে প্রোটিয়াদের দ্বিতীয় সারির দল ঘোষণা কারণেই সমালোচনা হচ্ছে। দেশটির ক্রিকেট বোর্ড, আইসিসি ও শক্তিধর ক্রিকেটে খেলুড়ে দেশের বোর্ডকে রীতিমতো ধুয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ।
দক্ষিণ আফ্রিকার ১৪ জনের সেই স্কোয়াডের সদস্যদের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ওয়াহ লেখেন, ‘এটিই কি টেস্ট ক্রিকেটের মৃত্যুর একটি নির্ধারণী মুহূর্ত? আইসিসির পাশাপাশি ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার অবশ্যই খেলার বিশুদ্ধতম এই সংস্করণ রক্ষায় এগিয়ে আসা উচিত।’
এরপর সিডনি মর্নিং হেরাল্ডকে অস্ট্রেলিয়ার সাবেক এ অধিনায়ক বলেন, ‘অবশ্যই তাদের (আইসিসি ও শক্তিধর ক্রিকেট বোর্ড) কিছু যায়–আসে না।’
ওয়াহ আরো বলেন, ‘নিজেদের সেরা খেলোয়াড়দের দেশে রেখে দেওয়া হবে—দক্ষিণ আফ্রিকার বোর্ডে এটি যদি ভবিষ্যতের ইঙ্গিত হয়, তাহলে এমনই ঘটবে। আমি যদি নিউজিল্যান্ড হতাম, তাহলে আমি এ সিরিজটি খেলতামই না। আমি জানি না, তারা কেন খেলছে। কেন খেলছেন আপনি, যখন এটি নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতি সম্মানের ঘাটতি?’
প্রোটিয়াদের কাণ্ডে আশঙ্কা করে ওয়াহ বলেন, ‘যদি আইসিসি বা কেউ দ্রুত এগিয়ে না আসে, তাহলে টেস্ট ক্রিকেট আর টেস্ট ক্রিকেট থাকল না। কারণ, আপনি সেরা খেলোয়াড়দের বিপক্ষে নিজেকে “টেস্ট” (পরীক্ষা) করছেন না।’











































