Home Uncategorized খুলনায় ৩৮ প্রার্থীর ২৬ জনই সব বুথে পোলিং এজেন্ট দিতে পারছে না

খুলনায় ৩৮ প্রার্থীর ২৬ জনই সব বুথে পোলিং এজেন্ট দিতে পারছে না

47

স্টাফ রিপোর্টার
খুলনার ৬টি আসনে এবারের নির্বাচনে ৩৮ জন প্রার্থীর মধ্যে ২৬ জনই সব ভোট কক্ষ বা বুথে পোলিং এজেন্ট দিতে পারছে না। তবে সব ভোট কক্ষে পোলিং এজেন্টের তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগের ৬ প্রার্থী, তৃণমূল বিএনপির এক প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগের ৫ নেতা। অন্যরা অল্প কিছু সংখ্যক ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট দেয়ার প্রস্তুতি নিচ্ছে। নাগরিক সমাজের নেতারা বলছেন, পোলিং এজেন্টের সংখ্যা দেখেই প্রার্থীদের সামর্থ্য ও ভোটের ফলাফল কোন দিকে যাচ্ছে তা ধারণা করা যায়।
খুলনা-১ আসনের ১১০টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে ৬৭০টি। এ আসনের প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত ননী গোপাল মন্ডল, স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগ নেতা প্রশান্ত কুমার রায় ও তৃণমূল বিএনপির গোবিন্দ চন্দ্র প্রামাণিক সব কক্ষে পোলিং এজেন্ট দিচ্ছেন। তবে জাতীয় পার্টির কাজী হাসানুর রশীদ সব কেন্দ্রে পোলিং এজেন্ট দিচ্ছেন না বলে জানান।
খুলনা-২ আসনের ১৫৭টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে ৮৪৫টি। এ আসনে আওয়ামী লীগের শেখ সালাহ উদ্দিন জুয়েল সব বুথের জন্য পোলিং এজেন্টর তালিকা চূড়ান্ত করেছেন। তবে সব বুথে পোলিং এজেন্ট দিচ্ছেন না বাংলাদেশ কংগ্রেসের দেবদাস সরকার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বাবু কুমার রায়, বিএনএম’র মো. আব্দুল্লাহ আল আমিন, জাতীয় পার্টির মো. গাউসুল আজম ও স্বতন্ত্র মো. সাঈদুর রহমান।
খুলনা-২ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী দেবদাস সরকার বলেন, আমাদের দল নতুন, ২০/৩০ জন এজেন্ট দেবো। নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে বলে সব বুথে পোলিং এজেন্ট দিচ্ছি না। এ বিষয়ে মুক্তিজোটের প্রার্থী বাবু কুমার রায় বলেন, আমার পার্টি নতুন। সব কেন্দ্রে না দিতে পারলেও প্রধান প্রধান কেন্দ্রে এজেন্ট দেবো।

খুলনা-৩ আসনের ১১৬টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ ৬৩৩টি। আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন সব কক্ষের জন্য পোলিং এজেন্ট চূড়ান্ত করেছেন। তবে সব কক্ষে পোলিং এজেন্ট দিচ্ছেন না জাকের পার্টির এস এম সাব্বির হোসেন ও জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন। স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগের ফাতেমা জামান সাথী জানান, তিনি সব বুথেই পোলিং এজেন্ট দেবেন।
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন বলেন, আমি সব বুথেই এজেন্ট দিচ্ছি। অন্যরা দিতে পারছে কি না তা আমার জানা নেই। এ আসনে জাকের পার্টির প্রার্থী এস এম সাব্বির হোসেন বলেন, সব কেন্দ্রে একজন করে পোলিং এজেন্ট দেবো, তবে সব বুথে দিতে পারবো না। কারণ পোলিং এজেন্টের জন্য নির্ভরযোগ্য লোক দরকার। কিন্তু অনেকে বুথে থাকতে রাজি হচ্ছে না। নিরাপত্তা নিয়ে তাদের শঙ্কা আছে।

খুলনা-৪ আসনের ১৩৩টি কেন্দ্রে বুথ সংখ্যা ৮০৫টি। এ আসনে শুধুমাত্র আওয়ামী লীগ মনোনীত আব্দুস সালাম মুর্শেদী ও স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগের এস এম মোর্ত্তজা রশিদী দারা সব বুথে পোলিং এজেন্ট দিচ্ছেন। বাকি ১০ জন প্রার্থী সব বুথে পোলিং এজেন্ট দিতে পারছেন না। তারা হলেন- স্বতন্ত্র এম ডি এহসানুল হক, বিএনএম’র এস এম আজমল হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা, স্বতন্ত্র মো. জুয়েল রানা, জাতীয় পার্টির মো. ফরহাদ আহমেদ, এনপিপি’র মো. মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগ নেতা মো. রেজভী আলম, ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ও স্বতন্ত্র এইচ এম রওশান জামির।

খুলনা-৫ আসনের ১৩৫টি ভোট কেন্দ্রে বুথ সংখ্যা ৮৪৫টি। এ আসনে আওয়ামী লীগ মনোনীত নারায়ন চন্দ্র চন্দ ও স্বতন্ত্র প্রার্থী হওয়া শেখ আকরাম হোসেন সব বুথের জন্য পোলিং এজেন্ট চূড়ান্ত করেছেন। তবে সব বুথে পোলিং এজেন্ট দিতে পারছেন না জাতীয় পার্টির মো. শাহীদ আলম, ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আকতার ও বাংলাদেশ কংগ্রেসের এস এম এ জলিল।
খুলনা-৬ আসনের ১৪২টি ভোট কেন্দ্রে কক্ষ রয়েছে ৯২২টি। এ আসনে আওয়ামী লীগ মনোনীত মো. রশীদুজ্জামান মোড়ল ও স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগ নেতা জি এম মাহবুবুল আলম সব বুথেই পোলিং এজেন্ট দিচ্ছেন। তবে সব বুথে পোলিং এজেন্ট দিচ্ছেন না বিএনএম’র এস এম নেওয়াজ মোরশেদ, বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম, এনপিপি’র মো. আবু সুফিয়ান, তৃণমূল বিএনপির মো. নাদির উদ্দিন খান ও জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু।

খুলনা নাগরিক সমাজ এর সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, পোলিং এজেন্টের সংখ্যা দেখেই প্রার্থীদের সামর্থ্য ও ভোটের ফলাফল কোন দিকে যাচ্ছে তা ধারণা করা যায়। খুলনায় যেসব দল নির্বাচন করছে তার বেশিরভাগই অপরিচিত এবং প্রার্থীরাও অপরিচিত মুখ। পোলিং এজেন্ট দিতে যে কর্মী সমর্থক ও অর্থের প্রয়োজন তা তাদের অনেকেরই নেই।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, নির্বাচন করতে গেলে প্রার্থীদের অনেক আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। কিন্তু এবার ভোটের মাঠে বেশিরভাগ প্রার্থীই নতুন মুখ এবং অপরিচিত। সব বুথে পোলিং এজেন্ট দেয়ার মতো সক্ষমতা তাদের নেই।