Home খেলাধুলা টি-২০ ফরম্যাটে রিয়াদের ফেরা প্রসঙ্গে যা জানালেন বাশার

টি-২০ ফরম্যাটে রিয়াদের ফেরা প্রসঙ্গে যা জানালেন বাশার

47

ক্রীড়া প্রতিবেদক

সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানালেও এখনো টি-২০ ও ওয়ানডে ফরম্যাটে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন তিনি। তবুও টি-২০ দলে তার ডাক পাওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত।
আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের পরবর্তী আসর। টুর্নামেন্টকে সামনে রেখে রিয়াদের ফেরার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। স্পষ্ট নিশ্চয়তা না দিলেও রিয়াদের ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।

আজ (শনিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন বাশার। তিনি বলেন, ‘রিয়াদ টি-২০ ফরম্যাটে কিন্তু এখনো অবসর নেয়নি। যখন অবসর নেয়নি তখন সুযোগ তো সবসময় আছে। যেহেতু সে সাদা বলের ফরম্যাট ওডিআইতে খেলছে।’

এরপর তিনি বলেন, ‘টি-২০ ফরম্যাটে রিয়াদ খেলবে কি না, আমার মনে হয় সেটা সামনেই বলে দিতে পারব। সামনে যেহেতু বিপিএলটা হচ্ছে, সেখানে আশা করছি আরো নতুন খেলোয়াড়ও পাওয়া যাবে।’

টি-২০ ফরম্যাটে বাংলাদেশ দলের বর্তমান অবস্থা ভালো বলেই মনে করেন বাশার। বিশেষ করে বিপিএলের প্রসঙ্গ টেনে বললেন, আরো ভালো খেলোয়াড়ের অপেক্ষায় থাকার কথা। চলতি বছরের এখন পর্যন্ত টাইগাররা ১৩ টি-২০ ম্যাচের ১০টিতে জয় পেয়েছে। হেরেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ক্রিকেটারদের মধ্যে সুষম প্রতিযোগিতার আশা করছেন বাশার, ‘আমরা আগে টি-২০ ফরম্যাটে পিছিয়ে ছিলাম। কিন্তু এখন টি-২০তে ভালো পারফর্ম করা শুরু করেছি। সর্বশেষ টি-২০ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও সিরিজ হারিয়েছিলাম আমরা।’

তিনি আরো বলেন, ‘এবার নিউজিল্যান্ড গিয়ে ভালো করেছি। তো আশা করতেই পারি সামনে আরো ভালো খেলব। যেহেতু সামনে বিশ্বকাপ আছে। বিপিএল দিয়ে আশা করছি আরো খেলোয়াড় পাব। যদি সেটা তৈরি হয় তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো।’

আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে।