স্পোর্টস ডেস্ক
কার্লো আনচেলত্তিকে পেতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সর্বোচ্চ চেষ্টাই চালিয়েছিল। ছাঁটাই হওয়া ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি রদ্রিগেজ সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ব্রাজিলের নতুন কোচ হবেন আনচেলত্তি।
কিছুদিন আগে রদ্রিগেজ জানিয়েছিলেন, জুনে রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে সেলেসাও শিবিরে যোগ দেবেন কার্লো। তবে সাম্বা সমর্থকদের হতাশায় ডুবিয়ে রিয়াল মাদ্রিদেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এ কোচ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) আনচেলত্তির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে নিশ্চিত করে রিয়াল। আগের চুক্তিতে লস ব্লাঙ্কোসদের সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত তার মেয়াদ ছিল। সেটি আরো ২ বছর বাড়িয়ে নিয়েছে দুই পক্ষ। ফলে ২০২৬ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকছেন এ ইতালিয়ান কোচ।
আনচেলত্তিকে পাওয়া যাচ্ছে না। এখন ব্রাজিলের স্থায়ী কোচ হিসেবে কাকে নিয়োগ দেবে সিবিএফ? সম্ভাব্য স্থায়ী কোচের নামের তালিকায় রয়েছেন আল হিলালের কোচ হোর্হে জেসাস, পালমেইরাসের আবেল ফেরেইরা এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করা দিনিজ।
এই তিনজনের মধ্যে ব্রাজিলের স্থায়ী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দিনিজ। ব্রাজিলের স্থায়ী কোচ হিসেবে তার নামটাই উঠে আসছে সবার আগে। খেলার কৌশলে মিল থাকায় তাকে ‘ব্রাজিলিয়ান গার্দিওলা’ বলা হয়। তবে কে হবেন সেলেসাওদের পরবর্তী কোচ, তা জানতে আরো কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে।











































