স্পোর্টস ডেস্ক
জয়ের সম্ভাবনা জাগিয়েও সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৭৯ রানে পরাজিত হয়েছে সফরকারী পাকিস্তান ক্রিকেট দল। এই হারে এক ম্যাচ বাকি থাকতে তিন ম্যাচের সিরিজ খুইয়েছে পাকরা।
বক্সিং ডে টেস্ট হারলেও পাকিস্তানের পারফরমেন্সের প্রশংসা করেছেন দলের পরিচালক ও এই সফরে কোচের দায়িত্ব পালন করা মোহাম্মদ হাফিজ। তিনি বলেন, অস্ট্রেলিয়ার চেয়েও ভালো খেলেছে পাকিস্তান।
হাফিজের এমন মন্তব্য শুনে পাল্টা জবাব দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি জানান, তারা ভালো খেললেও দিন শেষে জয়টাই মুখ্য।
পার্থে সিরিজের প্রথম টেস্টে ৩৬০ রানের বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে মেলবোর্নে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলো পাকিস্তান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ৩১৮ রানে আটকে দিয়েও লিড নিতে পারেনি তারা।
এবার ২৬৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এতে প্রথম ইনিংসে ৫৪ রানের লিড পায় অস্ট্রেলিয়া। সেই লিডকে সঙ্গে নিয়ে দ্বিতীয় ইনিংসে ২৬২ রান করে অজিরা। ম্যাচ জিততে ৩১৭ রানের টার্গেট পায় পাকিস্তান।
জবাবে এক পর্যায়ে ৫ উইকেটে ২১৯ রান করে জয়ের স্বপ্ন দেখছিলো উপমহাদেশের দলটি। কিন্তু ১৮ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২৩৭ রানে অলআউট হয়ে হারের লজ্জা পায় পাকিস্তান।
এ নিয়ে গত ২৮ বছরে অস্ট্রেলিয়ার মাঠে টানা ১৬ টেস্ট হারে পাকিস্তান। যেকোনো দলের জন্য যেকোনো দেশে টানা সবচেয়ে বেশি টেস্ট হারার রেকর্ড এটিই।
দ্বিতীয় ম্যাচ শেষে পাকিস্তানের পারফরমেন্সের প্রশংসা করেন হাফিজ বলেন, ‘দল হিসেবে আমরা বেশি ভালো খেলেছি। দল যেভাবে আগ্রাসী ক্রিকেট খেলেছে, আমি তাতে গর্বিত। পুরো ম্যাচের সারমর্ম যদি বলতে হয়, অন্য দলের চেয়ে আমরা ভালো খেলেছি।’
হাফিজের এমন মন্তব্যের পর ঠান্ডা মাথায় উত্তর দিয়েছেন মেলবোর্ন টেস্টে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা অস্ট্রেলিয়ার কামিন্স। তিনি বলেন, ‘আহহ, শান্ত। হ্যাঁ, ভালো খেলেছে তারা। এতে কিছু আসে-যায় না, তাই না? দিন শেষে আসল ব্যাপার হলো, কোন দল জিতেছে।’
প্রথম দুই ম্যাচ হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পাকিস্তান। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আগামী ৩ জানুয়ারি সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।











































