Home আঞ্চলিক খুবির উৎকর্ষ সাধনে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : উপাচার্য

খুবির উৎকর্ষ সাধনে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : উপাচার্য

37

খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় আবশ্যকীয় কৌশলগত উদ্দেশ্যসমূহের বিভিন্ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে ২৭ ডিসেম্বর (বুধবার) ই-গভর্ন্যান্স এন্ড ইনোভেশন পরিকল্পনা কমিটির আয়োজনে ‘অনলাইন বেজড ওয়েবসাইট এডমিনিস্ট্রেশন এন্ড এডুকেশন-ইআরপি সিস্টেম ইমপ্রুভমেন্ট টু এনাবল এ স্মার্ট ইউনিভার্সিটি’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, আমাদের প্রথম লক্ষ্য ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। আমরা সবসময় এদিকে অগ্রসর হচ্ছি। বিশেষ করে অফিসিয়াল কাজের পাশাপাশি শিক্ষার্থীসংশ্লিষ্ট সকল বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থা, রেজাল্ট, গ্রেডিংসহ বিভিন্ন বিষয়ের কারণে খুলনা বিশ্ববিদ্যালয় অনেক ক্ষেত্রে এগিয়ে। এখন আরও বেশি গতিশীল করার সঙ্গী আইসিটি সেল। তাদের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় ডিজিটাইজেশনের পথে এগিয়ে চলেছে। কোর্স রেজিস্ট্রেশন থেকে শুরু করে ভর্তি, রেজাল্ট প্রস্তুত, হলের সিট বরাদ্দ সবকিছুই অনলাইনে করা হচ্ছে। আমাদের নতুন প্রণীত ওবিই কারিকুলা বাস্তবায়নে স্টুডেন্ট ফিডব্যাক অত্যন্ত জরুরি একটা বিষয়। কোর্সটা কিভাবে আরও সুন্দরভাবে পরিচালনা করা যায়- এ বিষয়ে শিক্ষার্থীদের মতামত পেলে অনেক বিষয়ে বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি দূর করা সম্ভব হবে।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আইসিটি সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের নানা উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে খুলনা বিশ্ববিদ্যালয় নিজেদের আলাদাভাবে উপস্থাপন করেছে এবং অচিরেই বিশ্ববিদ্যালয়টির উৎকর্ষ সাধিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তাদের অংশগ্রহণে এ ধরনের একটি কর্মশালা আয়োজন করায় সংশ্লিষ্ট কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এবং আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. ইফতেখার শামস্। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও বিশ্ববিদ্যালয়ের এপিএ টিম লিডার প্রফেসর খান গোলাম কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন আইসিটি সেলের পরিচালক ও ই-গভর্ন্যান্স এন্ড ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট প্রফেসর ড. কাজী মাসুদুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন আইসিটি সেলের প্রোগ্রামার ইঞ্জি. রাহুল দেব মহালদার, কম্পিউটার প্রোগ্রামার ইঞ্জি. আইনুল মইন নূর এবং প্রোগ্রামার ইঞ্জি. মো. ফারুক হোসেন। ফিডব্যাক গ্রহণ করেন ই-গভর্ন্যান্স এন্ড ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট প্রফেসর ড. কাজী মাসুদুল আলম। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

 

যৌথ শিক্ষা, গবেষণা ও ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টিতে খুবির সাথে ব্র্যাকের এমওইউ স্বাক্ষরিত
খবর বিজ্ঞপ্তি
যৌথ শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি করতে খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের সাথে বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়নমূলক সংস্থা ব্র্যাকের এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ২৭ ডিসেম্বর (বুধবার) দুপুর ১.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ এমওইউ স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও ব্র্যাকের পক্ষে আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এন্ড ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রামের আওতাধীন ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের পরিচালক মো. লিয়াকত আলী, পিএইচডি এমওইউতে স্বাক্ষর করেন।
এমওইউ স্বাক্ষর শেষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর উপস্থিতিতে স্বাক্ষরিত এমওইউ’র কপি উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়। এসময় উপাচার্য বলেন, এই এমওইউ স্বাক্ষরের ফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন এবং ব্র্যাকের মধ্যে নতুন করে কাজের ক্ষেত্র তৈরি হলো। এই এমওইউ মাঠ পর্যায়ে শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি করবে এবং পারস্পরিক সম্পর্কের উন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে উপাচার্যকে ব্র্যাকের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আরবান এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম হেড মো. ইমামুল আজম। এসময় উপাচার্যও তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ব্র্যাকের আরবান এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম হেড মো. ইমামুল আজম। স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউআরপি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আশিক উর রহমান। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নগর পরিকল্পনার ক্ষেত্রে একাডেমিক জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা শেয়ার করা, ব্র্যাকের গবেষণা কার্যক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অবদান রাখা এবং বিশ্ববিদ্যালয় ও উন্নয়ন সহযোগী সংস্থার যৌথ উদ্যোগের কার্যকরিতা বৃদ্ধি করে নিম্ন আয়ের জনগোষ্ঠির জন্য একটি সমন্বিত উদ্যোগের ভিত্তিপ্রস্তর এই এমওইউ। এর মাধ্যমে ব্র্যাকের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের একটি কৌশলগত নেটওয়ার্ক তৈরি হবে, যা ভবিষ্যতে যৌথ একাডেমিক, গবেষণামূলক এবং তৃণমূল পর্যায়ে উন্নয়নমূলক কাজে যৌথ জ্ঞানের প্রতিফলন ঘটাবে। এই এমওইউ’র মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের ভিতরে তথ্য বিনিময়, কর্মদক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন এবং যৌথ সেমিনার, সিম্পোজিয়াম আয়োজনের সুযোগ তৈরি করবে। এই এমওইউ’র অধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শনের মাধ্যমে জ্ঞান আহরণ এবং গবেষণা কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পাবেন। পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অত্র ডিসিপ্লিনের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ তৈরি করবে এই এমওইউ।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আশিক উর রহমান এবং ব্র্যাকের আরবান এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম হেড মো. ইমামুল আজম এর একান্ত প্রচেষ্টা ও উদ্যোগে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।