খবর বিজ্ঞপ্তি।।
ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, সরকার দেশে গণতন্ত্রের পরিবর্তে বাকশালতন্ত্র কায়েম করেছে। তারা কথিত নির্বাচনের নামে ভোটডাকাতির মহোৎসবের মাধ্যমে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করতে চায়।
কিন্তু সচেতন জনগণ তাদের সে ষড়যন্ত্র কখনই বাস্তবায়ন হতে দেবে না। বরং স্বতঃস্ফূর্তভাবে সরকারের পাতানো, সাজানো ও নীলনকশার নির্বাচন প্রতিরোধ করবে। এই ভাঁওতাবাজির নির্বাচন প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ আহবান জানান।
এ সময় জামায়াত নেতা মো. দেলোয়ার, মো. কবির খা, হাশেম আলী, কেসমত উল্লাহ, আলী রেজা প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, দেশের জনগণ এবার ফুঁসে উঠেছে। এই লুটেরা আওয়ামী সরকারকে দেশের মানুষ আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। রাতের ভোটের এই অবৈধ সরকার আগামী ৭ জানুয়ারি একতরফা প্রহসনের নির্বাচনি নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। নীলনকশার এই তামাশার নির্বাচন বর্জন করে পেছনের দরজা দিয়ে ক্ষমতাগ্রহণের আওয়ামী চক্রান্ত রুখে দিতে খুলনা মহানগরসহ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।











































