নিজস্ব প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কৃষি জমি ও সদ্য খননকৃত ভৈরব নদের মাটি লুটপাটে মহাব্যস্ত সময় পার করছেন মাটি খেকোরা। চিহ্নিত এসব মাটি খেকোরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
জানা গেছে, প্রতি বছর শীত এলেই মাটি খেকো চক্রগুলো বেপরোয়া হয়ে উঠে। দামুড়হুদা উপজেলার ত্রি-ফসলি জমিগুলোর মাটি কেটে বিক্রি করছে তারা। গত এক মাস যাবত মাটি খেকোরা উপজেলার বিভিন্ন গ্রামের মাঠের কৃষি জমি ও ভৈরব নদের মাটি লুটপাট করে বিক্রি করে আসছে স্থানীয় ইটের ভাটাগুলোতে। এর ফলে একদিকে যেমন কোটি কোটি টাকা ব্যয়ে সদ্য খননকৃত ভৈরব নদ তার সৌন্দর্য হারাচ্ছে, অন্যদিকে এ উপজেলায় কমতে শুরু করেছে কৃষি জমির পরিমাণ।
জানা গেছে, চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত দামুড়হুদা উপজেলায় ৫০টি স্পটে বিভিন্ন শ্রেণীর কৃষি জমি ও পাটাচোরা, কানাইডাঙ্গা, কুনিয়া, মোক্তারপুর, হাতিভাঙ্গা গ্রাম সংলগ্ন ভৈরব নদের মাটি লুটপাট চলছে।
দামুড়হুদার কানাইডাঙ্গা গ্রামের একধিক ব্যক্তি নাম না প্রকাশ করার শর্তে বলেন, প্রতিদিন সন্ধা থেকে গভীর রাত অবদি ভৈরব নদের মাটি কেটে বিভিন্ন ইটের ভাটাগুলোতে বিক্রি করছে একটি চক্র। রাতে ট্রাক্টরের বিকট শব্দে সন্তানদের লেখাপাড়া সহ ঘুমাতে কষ্ট হচ্ছে। মাটি ব্যবসায়ী সিন্ডিকেট অনেক প্রভাবশালী তাই তাদের বিষয়ে মুখ খুলতে পারি না।
দামুড়হুদার মোক্তারপুর-পাটাচোরা গ্রামের বাসিন্দারা বলেন, হাতিভাঙ্গা-পাটাচোরা গ্রামের মাঝে ভৈরব নদ। আর এই ভৈরব নদের মাটি দিনের বেলায় ভেকু মেশিন দিয়ে উত্তোলন করে বিক্রি করছে মাটি খেকোরা। বেপরোয়া গতির অবৈধ ট্রাক্টরগুলো গ্রামের মধ্যে দিয়ে চলাচল করায় দুর্ঘটনার শঙ্কায় থাকি। এসব চক্র খুব শক্তিশালী তাদের বিরুদ্ধে অভিযোগ করতেও ভয় করে। তবে আমরা মনেপ্রাণে চাই এসব বন্ধ হোক।
চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ বলেন, ভৈরব নদ খননের উদ্বৃত্ত মাটি উত্তোলন বা বিক্রি করতে কাউকে অনুমোদন-ইজারা দেয়া হয়নি। যদি কেউ তা বলে থাকে তবে মিথ্যা বলেছে। আর যারা মাটি উত্তোলন করছে তারা অবৈধ পন্থা অবলম্বন করছে।
তিনি আরো বলেন, যদি ভৈরব নদ খননের উদ্বৃত্ত মাটির কারণে জণগণের চলাচলের রাস্তায় বিঘ্ন হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইজারা দিতে পারেন। তবে এখন পর্যন্ত দামুড়হুদা উপজেলায় কাউকে ইজারা দেওয়া হয়নি।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা মিতা বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের। পানি উন্নয়ন বোর্ড কোনো প্রকার ইজারা দিয়েছে কিনা আমার জানা নেই।











































