অনলাইন ডেস্ক।।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে ১৪ হাজারেরও বেশি নারী ও শিশু।
বুধবার হামাস–নিয়ন্ত্রিত গাজার সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
এতে বলা হয়, গাজায় নিহত মানুষের মধ্যে অন্তত ৮ হাজার শিশু রয়েছে। নিহত নারীর সংখ্যা অন্তত ৬ হাজার ২০০।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। সরায়েল সরকারের হিসাব অনুযায়ী এতে নিহত হন ১ হাজার ১৩৯ জন। আহতের সংখ্যা ৮ হাজার ৭৩০।
হামাসের হামলার জবাবে একইদিনে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর দুই মাসের বেশি সময় পেরিয়ে গেছে। ইসরায়েলি হামলা থেকে মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আশ্রয়শিবির—কিছুই বাদ যায়নি।











































