কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে ১১তম ধাপে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টা অবরোধ সমর্থনে ঝিনাইদহের কালীগঞ্জে মিছিল করেন দলটির নেতাকর্মীরা। মিছিল শেষে তারা দুটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুর করেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।
আটক হওয়া নেতাকর্মীরা হলেন- উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মন্ডল (৩২), জামাল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনছার আলী মোল্ল্যা (৬০), পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সম্পাদক আব্দুর রাজ্জাক (৪৮) ও উপজেলা ছাত্রদল কর্মী সাকিব হোসেন (২০)।
জানা যায়, বিএনপির ডাকা অবরোধের সমর্থনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি দুপুর ১টার দিকে মহাসড়কের বড় ব্রিজ থেকে নিমতলা বাসস্ট্যান্ডে পৌঁছায়। সেখানে দুটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, মিছিল শেষে দুটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুর করেছে বিএনপির নেতা-কর্মীরা। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।











































