Home খেলাধুলা ‘আমি শুধু এনড্রিকই হতে চাই’

‘আমি শুধু এনড্রিকই হতে চাই’

36

স্পোর্টস ডেস্ক

মাত্র ১৭ বছর বয়সেই ব্রাজিলিয়ান আইকন পেলের পাশাপাশি নেইমারের সঙ্গে যাকে তুলনায় করা হচ্ছে তিনি আর কেউ নন, এনড্রিক। ব্রাজিলিয়ান ফুটবলের আগামী প্রজন্মের বড় একটি ভরসার জায়গা এরই মধ্যে দখল করে নিয়েছেন এই টিনএজার।

যদিও এখনই এত বড় কিছু চিন্তা করার ব্যাপারে মোটেই ভাবছেন না এনড্রিক। সাও পাওলোর ক্লাব পালমেইরাসকে টানা দ্বিতীয় ব্রাজিলিয়ান লিগ শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আগামী বছর ১৮ বছর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন এই খেলোয়াড়।

তরুণ এই ফরোয়ার্ড এএফপির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি জানি পেলের পা ছোঁয়ার যোগ্যও কেউ কোনদিন হতে পারবে না। সে ফুটবলের রাজা। আমি শুধু এনড্রিকই হতে চাই। আমি সবাইকে আমাকেই জানাতে চাই।’

১৬ বছর বয়সে পেশাদার ফুটবলে এনড্রিকের অভিষেক। তখন থেকেই তিনি দেখিয়ে যাচ্ছেন বল পায়ে কতটা জমাট, ক্ষিপ্র ও চতুর। পেশাদার ফুটবলে দুই মৌসুম খেলেই পালমেইরাসের হয়ে দুবার ব্রাজিলের শীর্ষ লিগ জিতেছেন।

শুধু লিগই নয়, ব্রাজিলিয়ান সুপার কাপ ও সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপও জেতা হয়ে গেছে এনড্রিকের। ১৯৯৪ সালে কিংবদন্তি রোনালদোর পর গত মাসে সবচেয়ে কম বয়সে ব্রাজিল জাতীয় দলেও ডাক পান এনড্রিক।

গত বছর ৬৫ মিলিয়ান মার্কিন ডলারে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হন এনড্রিক। ব্রাজিলিয়ান ফুটবলে একটি কঠিন সময়ে তিনি এসেছেন। পাঁচ বারের বিশ চ্যাম্পিয়ন ব্রাজিল ২০০২ সালের পর আর বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে পারেনি।

নেইমার ও তার সতীর্থরা টানা তিনটি বিশ্বকাপে ব্যর্থ হয়েছেন ব্রাজিলিয়ানদের ‘হেক্সা’ উপহার দিতে। ২০২৬ বিশ্বকাপেও বাছাইপর্বের বাজে সময় যাচ্ছে সেলেসাওদের। ১০ দলের ডাবল লিগ পদ্ধতির কনমেবল অঞ্চলের বাছাইপর্বে এই মুহূর্তে ব্রাজিল আছে ছয় নম্বর অবস্থানে।

টানা তিনটি ম্যাচ হেরেছে দলটি। তাতে বড় এক কলঙ্কের দাগও লেগে গেছে ব্রাজিল ফুটবলে। গত মাসে মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হারটা বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে ঘরের মাঠে ব্রাজিলের প্রথম হার।

দলটির অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের ওপর চাপ শুধু বাড়ছেই। এনড্রিককে প্রথম একাদশে রাখার দাবি উঠেছে, দাবি উঠেছে রোনালডো ও তোস্তাওয়ের মতো সাবেক তারকারা যে ৯ নম্বর জার্সি পরতেন, সেই ৯ নম্বর জার্সিটা এনড্রিককে দেওয়ার।

তবে এএফপিকে এনড্রিক বলেছেন জার্সি নাম্বারে কিছু আসে যায় না, ‘অনেক খেলোয়াড়ই জাতীয় দলে ৯ নম্বর জার্সিটা চায়। আমি আমার নাম্বার নিয়ে ভাবি না। আমি শুধু দলে থাকতে চাই ও খেলতে চাই।’