ঢাকা অফিস।।
নির্বাচনের পর প্রভাবশালীদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে এ ধরনের প্রভাবশালীদের একটি তালিকা কমিশনের হাতে আছে। তবে বর্তমানে যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম চলছে, তাই নির্বাচনী কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রেখে কমিশন তার কার্যক্রম পরিচালনা করছে। নির্বাচনের পরই জোরেশোরে দুর্নীতিবিরোধী অভিযান চালানো হবে।
জানা গেছে, দুদকের তালিকায় ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, ঘুষ, সরকারি সম্পত্তি আত্মসাৎ, প্রতারণা-জালিয়াতিতে জড়িত অর্ধশতাধিক প্রভাবশালীর নাম রয়েছে। এর মধ্যে বর্তমান ও সাবেক এমপি এবং আমলারাও রয়েছেন। দুদক কমিশনার জহুরুল হক সমকালকে বলেন, ‘দুর্নীতির অভিযোগ সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। কিছু অভিযোগ যাচাই-বাছাইয়ের কাজ শেষ। নির্বাচনের পর কমিশন দুর্নীতির বিরুদ্ধে বড় ধরনের অভিযানে নামবে। যাদের বিরুদ্ধে দুর্নীতির আমলযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে।’
আজ শনিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এবার দিবসটির জাতিসংঘ প্রদত্ত প্রতিপাদ্য ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ হচ্ছে বিশ্ব।’ দিনটি উপলক্ষে দুদকের প্রতিপাদ্য ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।’ দুর্নীতিবিরোধী দিবস পালন উপলক্ষে দুদক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ (টিআইবি) বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। আজ রাজধানীতে দুদকের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন; যিনি এক সময় দুদকের কর্ণধারদের অন্যতম ছিলেন। এছাড়া সারাদেশে দুদকের বিভাগীয় ও সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে নানা আয়োজনে দিবসটি পালন করা হবে।
দুদকের পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের অক্টোবর পর্যন্ত বিগত দশ মাসে কমিশন মামলা করেছে ২২৩টি, চার্জশিট দিয়েছে ২৭৪টি, অভিযোগ নিষ্পত্তি করেছে ৫৯টি। এই দশ মাসে চলমান মামলার সংখ্যা ২৭২৬টি, বিচার স্থগিত মামলার সংখ্যা ২৫১টি। একই সময়ে কমিশনের আমলে আদালতের রায়ে সাজা হয়েছে ১৭৩ জন আসামির। খালাস পেয়েছেন ৮২ জন।
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো আমলের মামলায় সাজা হয়েছে ৫ জনের। খালাস পেয়েছেন ১৯ জন। দশ মাসে দুদকের মামলায় সাজার হার ৬৪.০৭ শতাংশ। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো আমলের মামলার সাজার হার ১৫.৬৩ শতাংশ। কমিশন ও বিলুপ্ত ব্যুরো আমলের মোট মামলায় সাজার হার ৫৮.৯৪ শতাংশ। আদালতের রায়ে জরিমানা হয়েছে ১ হাজার ৬৭৮ কোটি ৪ লাখ ২২ হাজার ৯২৩ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে ১৭ কোটি ৭১ লাখ ৩১ হাজার ৪৫৬ টাকার সম্পদ।
জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদ ‘আনকাক’ অনুযায়ী ২০০৪ সাল থেকে প্রতি বছর ৯ ডিসেম্বর সারাবিশ্বে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হচ্ছে। ২০০৭ সালে বাংলাদেশ আনকাক সনদে স্বাক্ষরের পর থেকে এ দেশেও প্রতিবছর দিবসটি পালিত হয়।









































