Home খেলাধুলা ইংল্যান্ডে জন্ম নিয়েও ক্যারিবীয়দের হয়ে খেলেছেন যিনি

ইংল্যান্ডে জন্ম নিয়েও ক্যারিবীয়দের হয়ে খেলেছেন যিনি

45

স্পোর্টস ডেস্ক।।

এই নামটির সঙ্গে হয়তো অনেকেরই পরিচয় নেই। তবে হ্যাঁ, ক্রিকেটের খুটিনাটি বিষয়ে যারা নিয়মিত খোঁজখবর রাখেন তাদের কেউ কেউ নামটির সঙ্গে পরিচিত থাকতে পারেন। দীর্ঘ ১০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে তিনি নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। সে কারণে বোধ হয় তাকে নিয়ে কাটাছেঁড়া কম হয়।

ব্রাউনের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে খুব বেশি আলোচনা করার নেই, হয়তো আছেও। কেননা ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ ক্রিকেটারের জন্ম ইংল্যান্ডে। সেই রেশ ধরেই তাকে নিয়ে কি-বোর্ডের বোতাম চাপা যেতে পারে।

১৯৭০ সালের আজকের এই দিনে (৭ ডিসেম্বর) লন্ডনের ল্যামবেথ শহরে পৃথিবীর আলো দেখেন কোর্টনি ব্রাউন। সেখানেই বেড়ে ওঠা। তবে কিশোরকালেই ক্যারিবীয় দীপপুঞ্জের রাষ্ট্র বার্বোডোজে পাড়ি দেন, পরিবারের কাছে। এরপর সেখানেই বাইশ গজের সঙ্গে সখ্যতা। পরে বাবার শহরের ক্রিকেটের সঙ্গে নিজেকে জড়িয়ে নেন তিনি।

 

উঠতি বয়সে বার্বোডোজের হয়ে পেশাদার ক্রিকেট খেলা শুরু করেন ব্রাউন। দলটির অধিনায়কত্ব সামলানোর পাশাপাশি ব্যাট হাতে দৃঢ়তা ও উইকেটের পেছনে বেশ দক্ষতার প্রমাণ দেন। তারই ফলশ্রুতিতে ১৯৯৫ সালে উইন্ডিজ জাতীয় ক্রিকেট দলে ডাক পান এ উইকেটরক্ষক-ব্যাটার।

১৯৯৫ সালে উইন্ডিজে সফর করে অস্ট্রেলিয়া। যেখানে স্বাগতিকদের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলে অজিরা। প্রথম তিনটিতে সুযোগ না পেলেও সিরিজের চতুর্থ ও সবশেষ টেস্টের একাদশে সুযোগ পান কোর্টনি ব্রাউন। কিন্তু সাদা পোশাকের অভিষেক রাঙাতে ব্যর্থ হন তিনি। প্রথম ইনিংস ১ ও দ্বিতীয় ইনিংসে ৩১ রানে অপরাজিত ছিলেন এ ডানহাতি ব্যাটার।

একই বছরের ১১ অক্টোবর ক্যারিবীয়দের রঙিন পোশাকেও ডাক আসে ব্রাউনের। শারজায় অনুষ্ঠিত ১৯৯৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলংকার বিপক্ষে একাদশে সুযোগ পান। টেস্টের মতোই ৫০ ওভারের ক্রিকেটে নিজের অভিষেকটা ভুলে যেতে চাইবেন তিনি। লংকানদের বিপক্ষে লোয়ার অর্ডারে নেমে ২ বলে মাত্র ২ রান করেই সাজঘরের পথ ধরেন এ ব্যাটার।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করা ব্রাউন জাতীয় দলে সুযোগ পেয়েও ব্যর্থ হন। অবশ্য ব্যাট হাতে ব্যর্থ হলেও উইকেটের পেছনে দারুণ দক্ষতার ছাপ রাখেন। এজন্য টিম ম্যানেজমেন্টও তাকে একের পর এক সুযোগ দিয়ে যায়। যদিও সেই সুযোগটি ধরে রাখতে ব্যর্থ হন এ ইংলিশ বংশোদ্ভূদ ক্রিকেটার।

 

মলিন পারফরম্যান্সের জন্য জাতীয় দলের জার্সিতে ১৩ টেস্ট খেলেই একাদশ থেকে ছিটকে যান ব্রাউন। দীর্ঘ ৩ বছর পর আবারো জাতীয় দলে ডাক পান তিনি।

২০০০ সালে কেনিয়ায় অনুষ্ঠিত আইসিসি নকআউট টুর্নামেন্টের জন্য উইন্ডিজ স্কোয়াডে যুক্ত হন কোর্টনি। কিন্তু সেই ফেরাটাও সুখকর হয়নি।

সেবার নকআউট ট্রফিতে শ্রীলংকার মুখোমুখি হয় উইন্ডিজ। যেখানে ক্যারিবীয়দের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ব্রাউন। ম্যাচটিতে ২২ মিনিট মাঠে থেকে ১৯ বল মোকাবিলা করেন। তাতে স্কোরকার্ডে তিনি যোগ করতে পারেন মাত্র ১৫ রান। ঐ ম্যাচটি লংকানদের কাছে হাতছাড়া হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

কেনিয়াতে ব্যর্থ হয়ে আবারো জাতীয় দলে জায়গা হারিয়ে ফেলেন কোর্টনি। তার পরিবর্তে জাতীয় দলে ডাক পান রিডলি জ্যাকবস। এভাবে কেটে যায় আরো ৪ বছর।

নাটকীয়ভাবে আবারো ২০০৪ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগমুহূর্তে উইন্ডিজের ডেরায় ফেরেন কোর্টনি ব্রাউন। আর তাতেই বাজিমাত। গোটা টুর্নামেন্টে একাদশেই ছিলেন তিনি। কিন্তু ব্যাট করার সুযোগ পান শুধু ফাইনালে, ইংল্যান্ডের বিপক্ষে।

 

ওভালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংলিশদের দেওয়া ২১৮ রানে লক্ষ্য তাড়ায় ব্যাটিং ব্যর্থতায় ম্যাচটি হারতে বসেছিল উইন্ডিজ। তবে টেল এন্ডারে এসে ব্রাউনের অপরাজিত ৩৫ রানে ভর দিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা। আর এই ম্যাচটিই তাকে ক্যারিবীয়দের ‘নায়ক’ বানিয়ে দেয়। যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারেও সুখস্মৃতি হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকবে।

২০০৪ চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইন্ডিজের ডেরায় নতুন প্রজন্মের ক্রিস গেইল, ড্যারেন সামি ও ডোয়াইন ব্রাভেদের মতো ক্রিকেটাররাও ছিলেন। যারা পরবর্তীতে ক্যারিবীয় ক্রিকেটকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। ভবিষ্যৎ তারকাদের সঙ্গে কোর্টনি ব্রাউনও ড্রেসিংরুম শেয়ার করেন। বর্তমানে যা তাকে নিশ্চয়ই আনন্দে ভাসাচ্ছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলার এক বছর পরই অর্থাৎ ২০০৫ সালে উইন্ডিজে সফর করে পাকিস্তান। ঘরের মাঠে গড়ানো সিরিজটিতে জাতীয় দলের হয়ে নিজের সবশেষ টেস্ট ও ওয়ানডে ম্যাচ খেলেন এ ডানহাতি ব্যাটার। যা ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সবশেষ সিরিজ। তবে গোধূলি লগ্নে ব্যাট হাতে নিজের শেষটা রাঙাতে ব্যর্থ হন এ ক্রিকেটার।

উইন্ডিজের হয়ে ২০টি টেস্ট খেলেছেন কোর্টনি ব্রাউন। যেখানে ৪০.০২ স্ট্রাইক রেট ১৬.১২ গড়ে ৩৮৭ রান করেন তিনি। এর মধ্যে তার ঝুলিতে মাত্র ১টি অর্ধ শতক রয়েছে। আর ৫০ ওভারের ক্রিকেটে ৪৬ ম্যাচ খেলে ৪১৫ রান করেছেন। এই ফরম্যাটে তার সর্বোচ্চ রান ৪৬।

আন্তর্জাতিক ক্যারিয়ার রঙিন না হলেও ফার্স্ট ক্লাস ক্রিকেটে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ব্রাউন। ১৩৯ ম্যাচে ৪ হাজার ৯১৯ রান করেন। যেখানে ২২ ফিফটির পাশাপাশি ৫টি সেঞ্চুরি করেন এ ডানহাতি।