স্টাফ রিপোর্টার।।
কারাগারে বসে নগরীর শেরে বাংলা রোডে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করছে খুলনা মহানগরী বিএনপির সদস্য ও ২৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শেখ জামাল উদ্দিন। বুধবার (৬ ডিসেম্বর) কেএমপির সোনাডাঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশের এসআই আশিক রেজা ‘র দায়েরকৃত মামলায় (০৪) এমনটি জানা গেছে। এসআই আশিক রেজার দায়েরকৃত মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৫০জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৫০জনসহ মোট ১০০জনকে আসামী করা হয়েছে।

মামলার এজাহারে ৩৮ নম্বরে শেখ জামাল উদ্দিনকে আসামী করা হয়েছে কিন্তু অন্য একটি মামলায় জামাল উদ্দিন কারাগারে বন্দি রয়েছে। মহানগর বিএনপি দপ্তর সেল জানিয়েছে, সোনাডাঙ্গা থানার বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলা নং ৪১(১০) ২৩ এ গত ৭ নভেম্বর শেখ জামাল উদ্দিনকে গ্রেফতার করে এবং আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে।
এ ব্যাপারে মামলার বাদী এসআই আশিক রেজার সাথে যোগাযোগ করলে তিনি বলেন শেখ জামাল উদ্দিন ঘটনার সময়ে ঘটনাস্থলে পিকেটিং করছিলেন। জামাল উদ্দিন কারাগারে থেকে কিভাবে পিকেটিং করছিলেন প্রশ্নের উত্তরে তিনি ওসির সাথে যোগাযোগ করতে বলেন।











































