Home বিনোদন মোবারকের স্ত্রী শবনম ফারিয়া, প্রথমবার ওয়েব সিরিজে জেনি

মোবারকের স্ত্রী শবনম ফারিয়া, প্রথমবার ওয়েব সিরিজে জেনি

64

 

বিনোদন প্রতিবেদক

প্রথমবারের মতো ওটিটিতে অভিনয় করেছেন ছোট পর্দার গুণী অভিনেত্রী জেনি। নাম ‘মোবারক নামা’। সিরিজটির মাধ্যমে দীর্ঘদিন পর ফের কাজে সরব হলেন অভিনেত্রী শবনম ফারিয়াও। আগামী ২১ ডিসেম্বর ভারতের ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে সিরিজটি। আব্দুল্লাহ আল মুক্তাদিরের গল্পে এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।

প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে জেনি বলেন, “গোলাম সোহরাব দোদুল একজন গুণী নির্মাতা। কাজটি করার জন্য বেশ কিছুদিন নিজেকে প্রস্তুত করতে হয়েছে। এককথায় বলতে গেলে,‘মোবারক নামা’ একটি কোর্টরুম ড্রামা। এ সিরিজে আমাকে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে। আমি চেষ্টা করেছি নিজের সেরা অভিনয় করতে। সবমিলিয়ে আমার প্রথম ওয়েব সিরিজ হিসেবে কাজ করে আমি সন্তুষ্ট। আমার বিশ্বাস ওয়েব সিরিজটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে। আমি ধন্যবাদ দিতে চাই হইচই পরিবারকে এবং গোলাম সোহরাব দোদুল ভাইকে আমাকে এত চমৎকার একটি প্রজেক্টের সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য।”

জেনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমি অভিনয়ে অনেক বেশি মনোযোগী। মাঝে নানা কারণে অভিনয় করা হয়নি। আশা করছি এখন থেকে নিয়মিত কাজ করব। তবে গড়পড়তা সব গল্পে নয়।’

অন্যদিকে ক্যারিয়ারে ভিন্নভিন্ন গল্প ও চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। ব্যক্তিজীবনের নানা ঘটনায় তিনি খানিক সময়ের বিরতি নিয়েছিলেন। সম্প্রতি বিরতি ভেঙে ফেরার খবর দিলেন তার তাঁর অভিনীত তৃতীয় ওয়েব সিরিজ দিয়ে। এতে তাঁকে দেখা যাবে সিরিজটির মূখ্য চরিত্র মোবারকের স্ত্রী নিতুর ভূমিকায়।

শবনম ফারিয়া বলেন, ‘নানা কারণে অভিনয় থেকে কিছুটা দূরে ছিলাম। এরপর যখন এই সিরিজের চিত্রনাট্য পেলাম তখন মনে হলো, এটি আমি করতে পারি। আশা করছি দর্শকের তা ভালো লাগবে।’

জেনি অভিনীত প্রথম সিনেমা ‘শ্যামা কাব্য’ মুক্তির অপেক্ষায় রয়েছে। বদরুল আনাম সৌদ পরিচালিত সিনেমাটি আগামী নির্বাচনের পর মুক্তি পাবে বলে জানিয়েছেন জেনি। এদিকে নতুন বেশ কয়েকটি কাজের চিত্রনাট্য পড়ে সময় কাটছে ফারিয়ার।