Home খেলাধুলা ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে যে রেকর্ডের সামনে মুশফিক

ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে যে রেকর্ডের সামনে মুশফিক

42

 ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। এখন সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে টাইগাররা। সাকিব-তামিমের অনুপস্থিতিতে এই সিরিজে বড় ভূমিকা রাখছেন মুশফিক-শান্তরা। শেষ টেস্ট ম্যাচে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে নতুন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম।
আন্তর্জাতিক ক্রিকেটে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা একসময় ছিল রিকি পন্টিংয়ের। ২০১৬ সালে সেই রেকর্ডটা নিজের করে নেন সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটে ‘হোম’ শের-ই-বাংলা স্টেডিয়ামে রান দিয়ে এরপর পন্টিংকে পেছনে ফেলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহও।

২০১৮ সালে তিন ফরম্যাট মিলিয়ে প্রথম ব্যাটার হিসেবে এক ভেন্যুতে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। দুই দিন পরই ওই মাইলফলক পেরিয়ে যান তামিম। একই ভেন্যুতে ৪ হাজার রান রয়েছে মুশফিকেরও। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা মুশফিকের দখলে।

এরই মধ্যে শীর্ষে থাকা মুশফিকের সামনে অপেক্ষা করছে আরও এক মাইলফলক। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এক ভেন্যুতে ৫ হাজার রানের মাইলফলক থেকে আর মাত্র ৮৮ রানের দূরত্ব মুশফিকের।

মিরপুরে তিন ফরম্যাটে ১৫৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মুশফিকের রান এখন ৪৯১২। ঢাকা টেস্টের দুই ইনিংস মিলিয়ে আর ৮৮ রান করতে পারলেই প্রথম ক্রিকেটার হিসেবে নির্দিষ্ট কোনো ভেন্যুতে পাঁচ হাজার রানের রেকর্ড গড়বেন মুশফিক।