ক্রীড়া প্রতিবেদক
গত ৩০ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় রঙ্গনা হেরাথের। স্বাভাবিকভাবেই সিলেট টেস্টের পর নিজ দেশ শ্রীলংকায় ফিরে গেছেন তিনি। তার অনুপস্থিতিতে কোনো অন্তর্বর্তীকালীন স্পিন কোচ রাখেনি বিসিবি। ফলে ঢাকা টেস্টে খেলতে নামবেন মিরাজ-তাইজুলরা।
এখানেই শেষ নয়, নিজেদের মাঠে টেস্ট সিরিজ শেষ হলেই ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে নিউজিল্যান্ডে ফিরতি সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরে রাকিবুল হাসান, হাসান মুরাদ ও তানভীর হাসানের মতো তরুণ স্পিনাররা রয়েছেন দলে।
নিউজিল্যান্ডের পেস বোলিং সহায়ক কন্ডিশনে এমনিতেই খাবি খেতে হয় অভিজ্ঞ স্পিনারদের। এই সফরেও কোনো স্পিন বোলিং কোচ থাকছে না বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। যদিও অন্তর্বর্তীকালীন হিসেবে স্থানীয় স্পিন কোচ সোহেল ইসলামের কথা বলেছিলেন বোর্ড পরিচালকদের কেউ কেউ। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে সোহেল যাচ্ছেন না এই সফরে।
এদিকে আপাতত টাইগারদের অন্তর্বর্তীকালীন পেস বোলিং কোচ হিসেবে আছেন কোরি কলিমোর। অন্যদিকে ব্যাটারদের পরামর্শ দিচ্ছেন হাইপারফরম্যান্স দলের প্রধান কোচ ডেভিড হেম্প। তবে স্পিনার মেহেদী মিরাজ ও তাইজুল ইসলামদের টেকনিক্যাল বিষয়ে ‘গাইড’ করার মতো এখন কোনো স্পিন কোচ নেই।










































