আন্তর্জাতিক ডেস্ক
নির্বাচিত হওয়ার পর থেকে ভারতীয় সেনাদের বিতাড়িত করার কথা বলে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। নির্বাচিত হয়ে তিনি ঘোষণা দেন, ‘কোনো বিদেশি সেনা মালদ্বীপের ভূখণ্ডে থাকতে পারবে না।’ এরপর ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিউয়ের সঙ্গে এক বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেন, যেন নিজেদের সেনা প্রত্যাহার করে দেয় ভারত। কেন ভারতীয় সেনাদের সরে যেতে বলছেন তিনি, এর পেছনে তিনটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভৌগলিক অবস্থান
মালদ্বীপের আয়তন দিল্লির পাঁচ ভাগের এক ভাগ। দেশটির জনসংখ্যা ৫ লাখ। তবে পর্যটকদের জন্য দারুণ জনপ্রিয় স্থান এটি। ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ ভৌগলিক স্থানে এর অবস্থান। ভারত ও চীনের সঙ্গে এর দূরত্বও গুরুত্বপূর্ণ। ভারত ও চীন দুই দেশই মালদ্বীপে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। প্রেসিডেন্ট মুইজ্জুও বলেছেন তিনি দুই দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান। তবে ছোট এই দেশ বড় দুই রাজনৈতিক শক্তিশালী দেশের কৌশলের মাঝে পড়তে চায় বলেও জানিয়েছেন তিনি।
চীনের সংযোগ
মুইজ্জুর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ সোলিহ। তার শাসনামলে ভারত-মালদ্বীপের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায়। মালের সাবেক মেয়র মুইজ্জু সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের ঘনিষ্ঠ ছিলেন যিনি চীনপন্থী হিসেবে পরিচিত। চীনের ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তার শাসনামলে চীনের কাছ থেকে প্রচুর ঋণ নিয়েছিলেন আব্দুল্লাহ ইয়ামিন। বছরখানেক আগেই মুইজ্জুও বেইজিংকে জানিয়েছিলেন তিনি চীনের সঙ্গে আরও জোরালো দ্বিপাক্ষিক সম্পর্ক চান।
আঞ্চলিক ভারসাম্য
নির্বাচনের পর মুইজ্জু একাধিকবার নিরাপত্তার নামে ভারতীয় সেনাদের চলে যাওর্য়ার কথা বলেছেন। তিনি বলেন, ‘যখন আমাদের দেশের নিরাপত্তা প্রশ্ন, তখন অবশ্যই আমি একটি লাল সীমারেখার কথা বলবো। মালদ্বীপ অন্যান্য দেশের সীমারও সম্মান করবে।’
এএফপিকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, চীনা সেনাদের স্বাগত জানিয়ে ও ভারতীয় সেনাদের হটিয়ে তিনি আঞ্চলিক ভারসাম্য নষ্ট করতে চান না। তিনি দুই দেশের সঙ্গে সুসম্পর্ক চান বলে বারবার উল্লেখ করে এসেছেন।
ভারত কী বলছে?
মালদ্বীপে মাত্র ৭০ জন ভারতীয় সেনা রয়েছে। তারা ভারত নিয়ন্ত্রিত রাডার ও নজরদারি বিমানে কাজ করেছেন। এই অঞ্চলে কার্যক্রম পরিচালনা করা ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গেও যোগাযোগ করেন তারা।
মালদ্বীপে চিকিৎসা সেবায় ভারতীয় দুটি হেলিকপ্টারের অবদানের কথা স্বীকার করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, দুই দেশের সমঝোতার ভিত্তিতেই সেনারা সেখানে অবস্থান করছেন, জনকল্যাণে ভূমিকা রাখছেন তারা।











































