আন্তর্জাতিক ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা থেকে ৩১ জন প্রিম্যাচিউরড নবজাতককে সফলভাবেঅন্য একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানায়, আজ রবিবার গাজার দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রায় সপ্তাহখানেক ধরে আল-শিফায় অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। প্রথমে তারা হাসপাতালটি ট্যাংক দিয়ে ঘিরে ফেলে। এরপর বেসামরিকদের সরে যেতে বলে। কিন্তু রোগী ও নবজাতকদের সরিয়ে ‘প্রায় অসম্ভব’ বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর বুধবার হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায় ইসরায়েলি সেনারা। রবিবার থেকে সরানো হতে থাকে রোগী ও শিশুদের।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, রবিবার শিশুদের মিসরসীমান্তবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে সেখানে আহত ফিলিস্তিনি ও গুরুতর রোগীদের ভর্তি করা হয়েছিল।
শনিবার হাসপাতাল পরিদর্শনকারী ডব্লিউএইচওর একটি প্রতিনিধি দল জানায়, যে ২৯১ জন রোগী এখনও সেখানে রয়েছে, যার মধ্যে ৩২ জন অত্যন্ত গুরুতর অবস্থায় রয়েছে।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ১২ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ২৫ হাজার। যাদের বেশিরভাগই বেসামরিক।











































