Home খেলাধুলা বিশ্বকাপের ফাইনালে ধারাভাষ্য দেবেন যারা

বিশ্বকাপের ফাইনালে ধারাভাষ্য দেবেন যারা

44

স্পোর্টস ডেস্ক

আর একদিন পরই মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। রোববার দুপুরে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও স্বাগতিক ভারত। এর মধ্য দিয়ে পর্দ‍া নামবে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের আসর।

বিশ্বকাপ ফাইনালের লড়াই শুরু হওয়ার আগেই সাবেক ক্রিকেটার, বিশ্লেষক ও সমর্থকদের মধ্যে শুরু হয়ে গেছে কথার বাকযুদ্ধ। যেখানে উঠে আসছে বিশ্বকাপ কেন্দ্রিক নানা আলোচনা। এ তালিকায় যুক্ত হয়েছে ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে ধারাভাষ্য দেবেন কারা? এমনকি টসের সময় মাইক্রোফোন হাতে থাকবেন কারা? ম্যাচ বিশ্লেষণে কোন কোন সাবেক ক্রিকেটারের কণ্ঠ শোনা যাবে?

বিশ্বকাপ ফাইনালে ফের মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। দীর্ঘ এক যুগ পর ট্রফি জেতার স্বপ্নে বিভোর স্বাগতিকরা। টস থেকে শুরু করে ম্যাচ শেষের প্রেজেন্টেশন অনুষ্ঠান- ধারাভাষ্যে থাকবেন কারা? এই নিয়ে জল্পনার মধ্যেই ফাইনাল ম্যাচের কমেন্টেটার প্যানেল ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসি ঘোষিত তালিকায় রয়েছে একাধিক সাবেক ভারতীয় ক্রিকেটারের। আইসিসি জানিয়েছে, ম্যাচের শুরুতে টসের সময় ধারাভাষ্য দেবেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তার আইকনিক কণ্ঠস্বরে মজে আট থেকে ৮০। দীর্ঘদিন ধরেই ক্রিকেট ধারাভাষ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ২০১১-র ফাইনালেও ধারাভাষ্য দেন শাস্ত্রী। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেবার ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া।

টিভি ধারাভাষ্যের সঙ্গে রবি শাস্ত্রীর মতোই দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন হার্শা ভোগলে। ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে নাম রয়েছে তার। বিশ্বকাপ ফাইনালে কমেন্ট্রি প্য়ানেলে দেখা যাবে তাকেও।

ক্রিকেট বিশ্বকাপের অন্যতম সফল অধিনায়ক রিকি পন্টিং। ২০০৩ ও ২০০৭-র বিশ্বজয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ছিলেন তিনি। কিংবদন্তী ক্যাপ্টেনের নাম রয়েছে কমেন্ট্রি প্যানেলে। তার সঙ্গে থাকবেন নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ। ফাইনাল ম্য়াচে ধারাভাষ্য দেবেন সাবেক ভারতীয় ব্যাটার সুনীল গাভাস্কার। এছাড়াও কমেন্ট্রি প্যানেলে থাকছেন সঞ্জয় মঞ্জরেকার।

আইসিসির কমেন্ট্রি প্যানেলে নাম রয়েছে সাবেক ইংরেজ ক্যাপ্টেন নাসের হুসেন ও সাবেক অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এছাড়াও শোনা যাবে ম্যাথিউ হেইডেন ও শেন ওয়াটসনের মতো তারকাদের কণ্ঠও।