আন্তর্জাতিক ডেস্ক
নিজের ডিপফেক ভিডিও নিয়ে এবার গভীর উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে বিজিপের দীপাবলি অনুষ্ঠানে আজ শুক্রবার মোদি বলেছেন, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সময়ে প্রযুক্তি ব্যবহারে আরও দায়িত্ববান হতে হবে।’ খবর এনডিটিভির।
মোদির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটি টিমকে মোদি ডিপফেক ভিডিও দেখা মাত্রই মুছে ফেলার নির্দেশ দিয়েছেন। কোনোভাবেই যেন এ ধরণের ভিডিও ছড়িয়ে না পড়ে, সেই ব্যাপারে সতর্ক করেছেন তিনি।
মোদি সংবাদমাধ্যমের কাছে মানুষকে এই বিষয়ে আরও অবগত করার জন্য আহ্বান জানিয়েছে। এদিন মোদি তারও যে ডিপফেক ভিডিও তৈরি করা হচ্ছে, সেকথাও জানান। মোদি এক ভিডিওর কথা উল্লেখ করেছেন যেখানে তাকে এক নারীর সঙ্গে গরবার নাচ করতে দেখা গেছে।
এ নিয়ে মোদি বলেছেন, ‘আমি তরুণ বয়সের পর আর গরবা নাচ করিনি।’
ডিপফেক বা সিন্থেটিক মিডিয়া- যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোনো ব্যক্তির ছবি বা ভিডিও অনেকটা একই রকম দেখতে কারো মুখ বসিয়ে দেওয়া হয়। সম্প্রতি দেশটির কয়েকজন তারকা নারী শিল্পীর ডিপফেক ভিডিও সামনে এলে শোরগোল পড়ে যায়। এবার ভারতের স্বয়ং প্রধানমন্ত্রী এমন ভিডিও নিয়ে শঙ্কা জানালেন।











































