Home আঞ্চলিক হিলটন হিসেবে সমাহিত মাহে আলমের লাশ পরিবারের কাছে হস্তান্তরে আদালতের নির্দেশ

হিলটন হিসেবে সমাহিত মাহে আলমের লাশ পরিবারের কাছে হস্তান্তরে আদালতের নির্দেশ

68

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলার চিলায় গত ১৪এপ্রিল হিলটন নাথ হিসেবে সমাহিত লাশটি ব্যবসায়ী মাহে আলমের বলে ডিএনএ টেস্ট’র রিপোর্টে প্রমাণিত হয়েছে। এই অবস্থায় বাগেরহাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত গত বুধবার (৮নভেম্বর) এক আদেশে বহুল আলোচিত লাশটি উত্তোলন করার কথা বলেছেন। একই সাথে মামলার তদন্তকারী কর্মকর্তাকে ১৫দিনের মধ্যে লাশ উত্তোলন করে মাহে আলম’র ছেলে সুমন রানার কাছে হস্তান্তরেরও নির্দেশ দেয় আদালত।

আদালত ও মামলার সূত্রে জানা যায়, হিলটন নাথ গত ৭এপ্রিল সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। অন্যদিকে ১০এপ্রিল মোংলার বিশিষ্ট ব্যবসায়ী মাহে আলম বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ১৩এপ্রিল সুন্দরবনের করমজলে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়। হিলটন নাথের মা বিথিকা নাথের ভুল দাবীর প্রেক্ষিতে ১৪এপ্রিল খুলনার দাকোপ থানা পুলিশ অজ্ঞাতনামা লাশটি তার কাছে হস্তান্তর করে। হিলটন নাথ খুন ও মাহে আলম নিখোঁজের বিষয়ে খুলনার দাকোপ থানা এবং বাগেরহাটের মোংলা থানায় দুুইটি পৃথক মামলা হয়। অন্যদিকে নিখোঁজ হওয়া মোংলার ব্যবসায়ী মাহে আলমের ছেলে সুমন রানার দাবীর প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল আমলী আদালত ’গ’ অঞ্চল খুলনা, হিলটন হিসেবে সমাহিত লাশটির ডিএনএ টেস্ট’র জন্য এক আদেশ প্রদাণ করেন।

হিলটন নাথের মা বীথিকা নাথ ও মাহে আলমের ছেলে সুমন রানার ডিএনএ টেস্ট’র প্রেক্ষিতে গত ১আগস্ট প্রকাশিত ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয় যে, অজ্ঞাত মৃত দেহ, বিথীকা নাথের নয়। ডিএনএ পরীক্ষায় অজ্ঞাত মৃত দেহ সুমন রানার জৈবিক পিতা, অর্থ্যাৎ মাহে আলমের। এই অবস্থায় আইনি প্রক্রিয়া শেষে অবশেষে ছয় মাস ২৩দিন পরে গত ৮নভেম্বর দুপুরে বাগেরহাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খোকন হোসেন মাহে আলমের লাশটি উত্তোলন করে ছেলে সুমন রানার কাছে হস্তান্তরের নির্দেশ প্রদান করেছেন। আদালত ১৫দিনের মধ্যে তদন্তকারী কর্মকর্তাসহ সংশ্লিস্ট মহলকে মাহে আলমের লাশ হস্তান্তর করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মাহে আলমের ছেলে সুমন রানা বলেন, ‘প্রায় সাত মাস নানা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে আদালত আমার বাবার লাশ উত্তোলন করে হস্তান্তরের আদেশ প্রদান করেছেন। এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি বাবার লাশটি পাওয়ার পর মুসলিম রীতি অনুযায়ী দাফন সম্পন্ন করার জন্য। পাশাপাশি সুন্দরবনে নানা অপকর্মের সাথে জড়িত একটি চিহ্নিত মহল আমার পিতার খুন ও লাশ গুমের সাথে জড়িত। আমি আশা করছি তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে’।

এ বিষয়ে মোংলা থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমরান হোসেন বলপন, ‘আমি ছুটিতে আছি। তাছাড়া মৌখিকভাবে শুনলেও লাশ উত্তোলনের আদেশের কপি এখনও লিখিতভাবে পাইনি। আদেশের লিখিত কপি পেলে লাশ উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। #