Home আঞ্চলিক প্রতিশ্রুতির পরও গ্যাস আসেনি খুলনায়

প্রতিশ্রুতির পরও গ্যাস আসেনি খুলনায়

45

স্টাফ রিপোর্টার।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় আসছেন আগামী সোমবার। এ নিয়ে আশায় বুক বেঁধেছেন জেলার মানুষ। খুলনার উন্নয়নে দীর্ঘ হচ্ছে তাঁর কাছে দাবির তালিকা। ওই দিন দুপুরে খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভা থেকে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন প্রধান অতিথির ভাষণ। পাশাপাশি তিনি আরও উন্নয়ন প্রতিশ্রুতি দেবেন বলে প্রত্যাশা খুলনাবাসীর।

তবে প্রতিশ্রুতির পর দীর্ঘদিনেও পাইপলাইনে গ্যাস আসেনি খুলনায়। বাস্তবায়ন হয়নি বিটিভির পূর্ণাঙ্গ সম্প্রচার কেন্দ্র চালুর প্রতিশ্রুতিও।

সোমবারের জনসভা থেকে প্রায় ৩২৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা ২২টি প্রকল্প উদ্বোধন এবং ৬৭ কোটি টাকা ব্যয় সাপেক্ষ দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

এর আগে ২০১১ সালের ৫ মার্চ নগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠের জনসভায় প্রধানমন্ত্রী খুলনায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পূর্ণাঙ্গ সম্প্রচার কেন্দ্র চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এক যুগেও আর কোনো অগ্রগতি হয়নি। পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র বাস্তবায়নের দাবিতে আগামীকাল শনিবার খুলনা সাংস্কৃতিক উন্নয়ন পরিষদ মানববন্ধন করার প্রস্তুতি নিচ্ছে।

খুলনা সাংস্কৃতিক উন্নয়ন পরিষদের আহ্বায়ক স্বপন গুহ বলেন, খালিশপুরে একটি টেলিভিশন উপকেন্দ্র রয়েছে, যেখান থেকে শুধু ঢাকার অনুষ্ঠান সম্প্রচার করা হয়। পূর্ণাঙ্গ সম্প্রচার কেন্দ্র চালু হলে চট্টগ্রামের মতো খুলনা কেন্দ্র থেকেও স্থানীয় অনুষ্ঠান সম্প্রচার করা সম্ভব হতো।

এদিকে খুলনা বিভাগের পাঁচ জেলায় ২০০৬ সালে গ্যাস সরবরাহ প্রকল্পের কাজ শুরু হয়। ২০১৬ সালের প্রথম দিকে প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে নগরীর আড়ংঘাটা পর্যন্ত ১৬৫ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন বসানো হয়। কিন্তু ওই বছরের ৩০ জুন বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। ফলে ৮৪৫ কিলোমিটার গ্যাস বিতরণ পাইপলাইন আর বসানো হয়নি। এ অবস্থায় ২০১৮ সালের ৩ মার্চ সার্কিট হাউস মাঠের জনসভায় খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু গত পাঁচ বছরেও তা আসেনি।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান মনে করেন, এ অঞ্চলে নতুন ভারী শিল্পকারখানা গড়ে না ওঠার অন্যতম কারণ গ্যাস সরবরাহ না থাকা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে গ্যাস থাকলেও বিভাগীয় নগরী খুলনা গ্যাসবঞ্চিত।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন সামনে রেখে জেলা প্রশাসনের মাধ্যমে জনসভার দিন তাঁর কাছে বিভিন্ন দাবি উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সংগঠন। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আগামীকাল খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ১৮ দফা দাবি উত্থাপন করবে। সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামান জানান, তাদের দাবির মধ্যে রয়েছে– বিমানবন্দর নির্মাণ, খুলনা থেকে মোংলা ও ভাঙ্গা পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা, খুলনা-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীত করা, খুলনা-দর্শনা ডাবল রেললাইন নির্মাণ, পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল নির্মাণ, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা, মেরিন একাডেমি, ক্যাডেট কলেজ, বোটানিক্যাল গার্ডেন, মোংলা বন্দরে কনটেইনার টার্মিনাল নির্মাণ প্রভৃতি।

সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদরত ই খুদা বলেন, এ অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকল ২০২০ সালের জুলাই থেকে বন্ধ। পাটকলগুলো আবার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করতে হবে। ময়ূর নদ খনন ও দুই পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করতে হবে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ২ হাজার শয্যায় উন্নীত করা এখানকার মানুষের অন্যতম দাবি।

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, বর্তমান সরকারের সময়ে খুলনা-মোংলা রেললাইন, মেডিকেল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, আধুনিক রেলস্টেশন নির্মাণসহ অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। কিন্তু মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়েনি, বরং কমেছে। শিক্ষা বোর্ড যশোর থেকে বিভাগীয় নগরী খুলনায় স্থানান্তর করা প্রয়োজন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক জানান, তিনি ভৈরব ও রূপসা নদীতে ড্রেজিং, বিমানবন্দর নির্মাণ, বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণ এবং সিটি করপোরেশনের দেড় হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে জনসভার দিন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। এ ছাড়া খুলনার মানুষ যেসব দাবি উত্থাপন করছেন, সেগুলো তাঁর কাছে পৌঁছে দেবেন।